২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ডব্লিউএফপির বিস্কুট সম্পূর্ণ নিরাপদ'

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জন্য বাংলাদেশে উৎপাদিত উচ্চপুষ্টিমানের বিস্কুট খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে জাতিসংঘের এ সংস্থাটি। শুক্রবার ডব্লিউএফপির এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অঙ্গপ্রতিষ্ঠান খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সস্টিটিউটের গবেষণাগারে চালানো প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে ওই বিস্কুট সম্পূর্ণ নিরাপদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জন্য বাংলাদেশে উৎপাদিত উচ্চপুষ্টিমানের বিস্কুট খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে জাতিসংঘের এ সংস্থাটি। শুক্রবার ডব্লিউএফপির এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অঙ্গপ্রতিষ্ঠান খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সস্টিটিউটের গবেষণাগারে চালানো প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে ওই বিস্কুট সম্পূর্ণ নিরাপদ। গত ১ জুন খাগড়াছড়ি পার্বত্য জেলায় ডব্লিউএফপির বিতরণ করা যে বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে সেগুলোর নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া যায়। ডব্লিউএফপির 'ইমার্জেন্সি স্কুল ফিডিং' প্রকল্পের আওতায় সাড়ে তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে এসব বিস্কুট বিতরণ করা হয়। বৃহস্পতিবার ডব্লিউএফপির হাতে আসা ওই পরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিস্কুটের নমুনায় কোন ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। এতে বলা হয়, ওই বিস্কুটে বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির শর্তানুযায়ী বেঁধে দেওয়া ভিটামিন এ এবং আয়রণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। কিন্তু তা ছিলো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এমন মাত্রার চেয়ে বেশ কম। ওই বিবৃতিতে আরো বলা হয়, ডব্লিউএফপির রোম সদরদপ্তরের বিশেষজ্ঞরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, উচ্চপুষ্টিমানের ওই বিস্কুটগুলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয়। গত ১ জুন ডব্লিউএফপির বিতরণ করা বিস্কুট খেয়ে খাগড়াছড়িতে অন্তত ৪২৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ওই ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করে। বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি এর নমুনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২২০০ ঘ.