২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র চলছে'

আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্র"তি রক্ষা না করে বিদেশী রাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্র"তি রক্ষা না করে বিদেশী রাষ্ট্রকে দেওয়া অঙ্গীকার পূরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। মোশাররফ হোসেন বলেন, ''আওয়ামী লীগ নির্বাচনের আগে জনগণের কাছে যেসব ওয়াদা করেছিল, তা পূরণে তারা ব্যর্থ হয়েছে। জনগণ হতাশ হয়ে পড়েছে। তারা বিদেশী রাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করছে। টিপাইমুখে বাঁধ নির্মাণ ও এশিয়ান হাইওয়ের নামে করিডোর দিয়ে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছে।" এ সর্ম্পকে তিনি বলেন, সরকার এ দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। টিপাইমুখে বাঁধ ও এশিয়ান হাইওয়ে নিয়ে সরকারের মন্ত্রীরা ভারতের মন্ত্রীদের ভাষায় কথা বলছেন। এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য। বিএনপি'র সহযোগী সংগঠন 'ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব' - এর উদ্যোগে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। মোশাররফ হোসেন জাতীয় সংসদে জিয়ার স্বাধীনতার ঘোষণা নিয়ে সরকারি দলের 'মিথ্যাচারের' সমালোচনা করে বলেন, মিথ্যাচার করে কিংবা ম্যুরাল উৎপাটন করে জিয়াকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। আওয়ামী লীগ জিয়াকে ভয় পায় বলেই এ মিথ্যাচার করছে। বিডিআরের ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি দাবি করে মোশাররফ হোসেন বলেন,''আমাদের সীমান্ত রক্ষা বাহিনী ও সেনাবাহিনীকে দুর্বল করতে এটা করা হয়েছে। সেনা বাহিনীর তদন্ত প্রতিবেদন ও সরকারি তদন্ত প্রতিবেদন একে অপরের সাংঘর্ষিক বলে মনে হচ্ছে। এ থেকে বোঝা যায় সরকারি তদন্ত নিরপেক্ষ হয়নি।" ড্যাবের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুব উল্লাহ, বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক, সাংসদ নীলুফার চৌধুরী মনি, অধ্যাপক মবিন খান, অধ্যাপক আবদুল মান্নান খান, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. আব্দুস সালাম, আবদুল কুদ্দুছ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১১০ ঘ.