২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পিলখানা ঘটনার তদন্তে যার নাম আসবে সেই গ্রেপ্তার হবে'

পিলখানা হত্যাযজ্ঞের তদন্তে যাদের নাম আসবে বা মামলার তদন্ত কর্মকর্তা যাকে দরকার বলে মনে করবেন তাকেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 02:43 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞের তদন্তে যাদের নাম আসবে বা মামলার তদন্ত কর্মকর্তা যাকে দরকার বলে মনে করবেন তাকেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত এক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ওই হত্যাকান্ডের ঘটনায় সরকারি তদন্ত কমিটি ইতোমধ্যেই রিপোর্ট দিয়ে দিয়েছে, যা জনসমক্ষে প্রকাশিত হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তারা এই রিপোর্ট থেকেও সহযোগিতা নিতে পারেন।" "বর্তমান দেশপ্রেমিক সরকারের দিনবদলের সনদে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের প্রত্যাশা" শীর্ষক এই সমাবেশে সাহারা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। মুহ. ওয়াহিদুজ্জামান মিঞার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ তালুকদার মোঃ ইউনুস ও গোলাম কিবরিয়া টিপু, সমিতির সাধারণ সম্পাদক বি. এম আসাদউল্লাহ প্রমুখ। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের ২ ছাত্র নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে সাহারা খাতুন বলেন, "এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। বর্তমান সরকার বিচার বহির্ভূত হত্যাকান্ড সমর্থন করেনা। সুতরাং এই কমিটি বিচার বহির্ভূত অন্য হত্যাকান্ডের অভিযোগগুলো তদন্ত করে দেখবে।" প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "এসব দাবীর সঙ্গে আমিও একমত। আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদার মধ্যেও শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে। আর শিক্ষা শুরুই হয় আপনাদের (প্রাথমিক শিক্ষক) মাধ্যমে। এ কারণে আপনাদের দাবিগুলো পূরণ হওয় দরকার।" স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এসব দাবির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করারও আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৫০ ঘ.