ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা-শীতালক্ষ্যা-তুরাগ-বালুসহ দেশের নদীগুলো দখল ও দুষণমুক্ত করার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এ কর্মসূচির ডাক দেয়।
সকালের এই কর্মসূচিতে উদ্যোক্তারা ছাড়াও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা অবিলম্বে বুড়িগঙ্গাসহ সব নদীকে দখলমুক্ত ও দুষণমুক্ত করতে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সরকার ইতোমধ্যে রাজধানীর তুরাগ নদী দখলমুক্ত করার কাজ শুরু করেছে। পর্যায়ক্রমে অন্যনদীগুলোও দখলমুক্ত করার পরিকল্পনা রয়েছে।
'গ্রীন ভয়েস' জলাশয় আইনের কঠোর প্রয়োগ, বুড়িগঙ্গা টাস্কফোর্সকে কার্যকর করাসহ ৮ দফা দাবি তুলে ধরে। এর মধ্যে রয়েছে- নদী দখল ও দুষণমুক্ত করা, শিল্প কারখানাগুলোতে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন, অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করা, নদীর দুই কুলে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রভৃতি।
সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বেসরকারি সংগঠন সেবা'র নির্বাহী পরিচালক ডা. নূর উদ্দিন, বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির বিশ্বাস, গ্রীন ভয়েস'র সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৫১০ ঘ.
bdnews24