চট্টগ্রাম, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনে-দুপুরে নগরীর সদরঘাট এলাকায় এক সাংবাদিকের বাসায় ডাকাতি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।
বৃহস্পতিবার দুপুরে সদরঘাট ডাকঘরের উপরের তলায় দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ শাহরিয়ারের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের প্রহারে তিনি আহত হন।
শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহষ্পতিবার বিকেল ৩ টার দিকে তিনি তার এক আত্মীয়র বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলে করে বাসায় ফেরেন। এসময় তিন যুবক জোর করে বাসায় ঢুকে হাত পা বেঁেধ তাকে একটি কক্ষে আটকে রাখে।
বাসার অন্যান্য সদস্য তখন বাইরে ছিল বলে তিনি জানান।
তিনি জানান, ডাকাতরা নগদ ৪২ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং দামি কিছ সামগ্রী নিয়ে দ্রুত সটকে পড়ে।
ঘটনার পরপর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
এদিকে বুধবার গভীর রাতে নগরীর জামালখান এলাকায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কার্যালয়ে চুরি হয়েছে। চোররা নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোনের দুটি সেট ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এমসি/আরএআর/টিআর/২৩১৮ ঘ.
bdnews24