২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বাঁধ পুনঃনির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: খাদ্যমন্ত্রী

সরকার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় 'আইলা'য় ক্ষতিগ্রস্ত এলাকা সফর করার সময় একথা জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ক্ষতিগ্রস্ত বাঁধ পুনঃনির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় 'আইলা'য় ক্ষতিগ্রস্ত এলাকা সফর করার সময় একথা জানিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। মন্ত্রী জানান, বাঁধ পুনঃনির্মাণ কাজে ইতিমধ্যে ১১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ বরাদ্দের পরিমাণ আরো বাড়ানো হবে। আব্দুর রাজ্জাক সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দুর্গতদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। মন্ত্রী বলেন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও নির্মাণের জন্য পরিবার প্রতি পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ টাকা যথেষ্ট না হলে প্রয়োজনে পরে বরাদ্দ বাড়ানো হবে। ক্ষতিগ্রস্তদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকার পর্যাপ্ত ত্রাণ-সামগ্রী নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। এরইমধ্যে বিপুল পরিমাণ ত্রাণ-সামগ্রী বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরো ত্রাণসামগ্রী পাঠানো হবে। মন্ত্রী শ্যামনগরের হযরতপুর মডেল স্কুল, গাবুরা ইউনিয়নের চকবারা, ডুমুরিয়া, বুড়িগোয়ালিনী, দুর্গাবাটি ও পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি গ্রামে দুর্গতদের মধ্যে ত্রাণ ও খাবার পানি বিতরণ এবং ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করেন। পরে তিনি আশাশুনি উপজেলার ভোলা ত্রিমোহনী গ্রামে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও খাবার পানি বিতরণ করেন। স্থানীয় সাংসদ গোলাম রেজা, জেলা প্রশাসক ও ৭ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসকে/২২২৫ঘ.