ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিশুদের ভিটামিন 'এ' ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য শনিবার সারা দেশে জাতীয় ভিটামিন 'এ' প্লাস খাওয়ানো কর্মসূচি পালন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকাল নয়টায় তার সরকারি বাসভবন যমুনায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
বৃস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলী।
তিনি জানান, এই কর্মসূচির আওতায় পাঁচ বছর বয়সী দেশের দুই কোটিরও বেশি শিশুকে একটি করে উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বসয়ী প্রায় এক কোটি ৯০ লাখ শিশুকে 'এ' ক্যাপসুলের পাশাপাশি একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া স্বাস্থ্য ও পুষ্টি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পরামর্শসহ পুষ্টি বিষয়ক বার্তা শিশুর মা ও আত্মীয়-স্বজনের কাছে পৌঁছে দেবেন বলে তিনি জানান।
এ ব্যাপারে প্রস্তুতির কথা জানিয়ে সচিব বলেন, "নির্দিষ্ট বয়সের একটি শিশুও যাতে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সে জন্য সারা দেশে মোট এক লাখ বিশ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, রেলস্টেশন, বিমানবন্দর, লঞ্চঘাট ও বড়বড় ব্রিজের টোল কেন্দ্রে বিশ হাজার ভ্রাম্যমান কেন্দ্র খোলা হবে।"
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে সচিব জানান। তিনি বলেন, প্রয়োজনে স্থানীয় কর্তৃপক্ষ বিকাল চারটার পরও কেন্দ্র খোলা রাখতে পারবে।
বিশেষ করে, ঘূর্ণিঝড় আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকায় এ কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শেখ আলতাফ আলী।
ভিটামিন 'এ'-র গুরুত্বের কথা তুলে ধরে স্বাস্থ্য সচিব বলেন, 'এ'-এর অভাবে সরাসরি শিশুর মৃত্যু হয় না। তবে এর অভাবে অন্যান্য রোগ দেখা দেয়, যার ফলে শিশুর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।"
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহ মনির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/২০২৯ ঘ.
bdnews24