বরিশাল, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামে মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।
নিহতের নাম কামরুল ইসলাম মৃধা (২৮)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার মিয়ারহাট গ্রামের মোকছেদ মৃধার ছেলে।
আহত আবুল বাশার (২৫) কামরুলের চাচাতো ভাই। তাকে আগৈলঝাড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দি বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত সিঁধ কেটে ছোট ডুমুরিয়া গ্রামের নুরুদ্দিন ব্যাপারীর ঘরে ঢোকে। তখন নুরুদ্দিন ব্যাপারীর ছেলে হেলাল ব্যাপারী ডাকাত দলের সদস্য কামরুলকে জাপটে ধরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে।
ওসি অশোক বলেন, "এক পর্যায়ে এলাকাবাসী ডাকাত দলের আরেক সদস্য আবুল বাশারকেও ধরে ফেলে এবং দু'জনকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে কামরুলের মৃত্যু হয়।"
তিনি জানান, ময়নাতদন্তের জন্য কামরুলের লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৬ ঘ.
bdnews24