বরিশাল, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বজ্রমেঘের কারণে আবহাওয়া খারাপ হওয়ায় মঙ্গলবার বরিশালের অভ্যন্তরীণ নৌপথে ছোট আকারের লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার একই কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ নৌপথে ছোট লঞ্চ চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আবার চালু হয়েছে।
বজ্রমেঘের কারণে সাগর উত্তাল জানিয়ে আবহাওয়া অধিদপ্তরে চট্টগ্রাম, বক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলে। তবে অবস্থার উন্নতি হওয়ায় পর সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত বিশেষজ্ঞ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতির উন্নতি হওয়ায় তিনটি সমুদ্র বন্দরকেই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তুলে নিতে বলা হয়েছে।"
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরের ওপর মৌসুমি বায়ুপ্রবাহ দুর্বল হয়ে অবস্থান করছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে।
বরিশাল আবহাওয়া অফিস জানায়, সকালে বরিশাল নদী বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল। দুপুর ১ টার পর তা তুলে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমির বায়ুর প্রভাবে বরিশালের বিভিন্নস্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশ ালের ট্রাফিক পরিদর্শক রিয়াদ হোসেন জানান, সকাল থেকে বরিশাল থেকে ভোলা, পিরোজপুরের হুলারহাট, ভোলার লালমোহনসহ অভ্যন্তরীণ বিভিন্ন নৌ পথে এমএল টাইপের (৬৫ ফুটের কম দৈর্ঘ্যরে) নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এগুলোর চলাচল বন্ধ থাকবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি জানান, সোমবার দুপুর ১টা থেকে পটুয়াখালীর অভ্যন্তরীণ নয়টি নৌপথে ছোট আকারের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পটুয়াখালী নৌবন্দরের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল থেকে এসব লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৫ ঘ.
bdnews24