ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সরকারকে টানা দ্বিতীয় দিনের মতো 'বিদেশি রাষ্ট্রের স্বার্থরক্ষার' জন্য দায়ী করে বিরোধী দলের নেতা খালেদা জিয়া মঙ্গলবার বলেছেন, এটি অব্যাহত থাকলে তার দল সরকারকে আর সহযোগিতা করবে না। তিনি জনগণকে নিয়ে রাজপথে নামারও হুঁশিয়ারি উচ্চারণ করেন। (আরও তথ্যসহ ২)
মঙ্গলবার বিকালে গাজীপুর স্টেডিয়ামে জিয়াউর রহমানের ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরিদ্রদের খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
খালেদা জিয়া বলেন, ''আমরা সরকারকে সহযোগিতা করছি। এখনো সেই সহযোগিতা অব্যাহত রয়েছে। কিন্তু তারা (সরকার) যদি দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার বিদেশি পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত থাকে, তবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। সরকারকে দেওয়া সহযোগিতাও প্রত্যাহার করে নেব।''
বিশেষ করে প্রতিবেশী ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ বিষয়ে সরকারের কথিত নীরবতা ও দেশটিকে ট্র্যানজিট বা করিডোর দেওয়ার বিষয়ে ইঙ্গিত করে গত কয়েকদিন ধরে খালেদা জিয়া বলে আসছেন, আওয়ামী লীগ জনগণের কাছে দেওয়া প্রতিশ্র"তি না রেখে নির্বাচনের আগে 'বিদেশিদের কাছে' করা অঙ্গীকার আস্তবায়ন করছে।
ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প 'প্রতিহত করতে' সবাইকে প্রস্তুত থাকারও আহবান জানান বিএনপি চেয়ারপার্সন।
তিনি বলেন, "ওই বাঁধের ফলে দেশের বিশাল একটি অংশ মরুভূমি ও জলমগ্ন হয়ে পড়বে।"
জেলা বিএনপি গাজীপুর স্টেডিয়ামে দুঃস্থদের মধ্যে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে। এর উদ্বোধন করতে খালেদা জিয়া দুপুরের পর সড়কপথে গাজীপুর পৌঁছান।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ হাসানউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, দলের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মান্নান ও ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন বক্তব্য দেন।
দলের সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারী রহমান, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাংসদ বরকত উল্লাহ বুলু, শাম্মী আখতার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল ও দরিদ্র ভোজ কর্মসূচি পালন করা হয়।
খালেদা জিয়া গত ৩০ মে থেকে তিনদিন ঢাকা মহানগরীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। মঙ্গলবার তিনি এই কর্মসূচি উপলক্ষে গাজীপুর যান।
সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন, "আমরা জাতীয় সংসদে কথা বলতে চাই। কিন্তু আওয়ামী লীগ সুযোগ দিচ্ছে না। সংসদে আমাদের আসন কেড়ে নেওয়া হয়েছে।"
খালেদা বলেন, এ সরকার সংবিধানের পঞ্চম সংশোধনী রহিত করে পুনরায় একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের স্বপ্ন দেখছে।
পঞ্চম সংশোধনী বাতিল করা হলে সংবিধান থেকে 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' উঠে যাবে বলে খালেদা জিয়া দাবি করেন।
সরকারের মন্ত্রীরা পঞ্চম সংশোধনী রহিত হলেও সংবিধানে 'বিসমিল্লাহ' বহাল থাকবে বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন।
উচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দিয়েছে।
নির্বাচনী ফলাফলের যথার্থতা নিয়ে আবারও সন্দেহ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, "জরুরি শাসন অবসানের জন্য আমরা প্রহসনের নির্বাচন ও এর ফল মেনে নিয়েছি।..সরকারের প্রতি সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছি।
কিন্তু এ সরকার যদি বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের পথ থেকে সরে না আসে এবং অপশাসন বন্ধ না করে তাহলে আন্দোলন সংগ্রামের পথ বেছে নেবো।"
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, তারা ক্ষমতায় থাকতে ভারত ফারাক্কা বাঁধ চালু করেছে। এতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
খালেদা জিয়া অভিযোগ করেন, "আওয়ামী লীগ ভারতকে ট্র্যানজিট সুবিধা দিতে চেয়েছিল। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত প্রতিহত করেছে। এখন এশিয়ান হাইওয়ের নামে এই ষড়যন্ত্র আবার শুরু করেছে।"
বিডিআরের নাম, পোশাক ও লোগো পরিবর্তনের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, "আওয়ামী লীগ সীমান্তে 'রক্ষীবাহিনীর' মত বাহিনী মোতায়েন করে দেশকে পার্শ্ববর্তী দেশের বাজারে পরিণত করতে চায়।"
তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনও প্রত্যাখান করেন।
তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরকে 'ফখরুদ্দীন-আওয়ামী লীগ শাসনামল' হিসাবে অভিহিত করে বিএনপি চেয়ারপার্সন আবারও এর তীব্র সমালোচনা করেন।
খালেদা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টার দুর্নীতি সবেমাত্র প্রকাশিত হয়েছে। আরও হবে।"
আওয়ামী লীগের প্রতি পক্ষপাত করার অভিযোগ পুনর্ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনারেরও সমালোচনা করেন খালেদা জিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/টিআর/এসকে/২১১৭ ঘ.
bdnews24