সাভার, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে সোমবার রাতে ঢাকা জেলা ছাত্রলীগ সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার সকালে সাভার থানা ঘেরাও করে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ চেয়ে বিক্ষোভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তারকৃতদের ঢাকায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঢাকা জেলা ছাত্রলীগ সভাপতি ফকরুল আলম সমর, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আরিফ।
সাভার থানার ওসি নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে পৌর এলাকার নামাবাজার থেকে ছাত্রলীগ নেতা সমরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাভার থানায় ৬-৭ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি বলেন, "একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের ঢাকায় আদালতে পাঠানো হয়েছে।"
তবে যেসব মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেগুলো কিসের জানতে চাইলে ওসি নাসির বলেন, "উপরের নির্দেশ ছাড়া এখন আর কিছুই বলা যাচ্ছে না।"
উপরের কোন নির্দেশ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে কাজ আছে বলে থানা থেকে বেরিয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এইচএ/১৪৩০ ঘ.
bdnews24