ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্যে ভেজাল রোধে আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি জেলায় একটি করে 'খাদ্য আদালত' স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোট।
এছাড়া আদালত প্রয়োজনীয় সংখ্যক খাদ্য বিশ্লেষক ও পরিদর্শক নিয়োগেরও আদেশ দিয়েছে।
বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ বিষয়ক একটি রিটের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়।
আদালত ২০১০ সালের ১ জুলাইর মধ্যে এই নির্দেশ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সরকারকে হলফনামা দাখিলেরও নির্দেশ দিয়েছে।
খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ও ফুড অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য সচিবকে এই নির্দেশ দেওয়া হয়।
গত ১৮ জানুয়ারি মানবাধিকার সংগঠনটির পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, ছারওয়ার আহাদ চৌধুরী, তপন কান্তি দাস, শেখ আতিয়ার রহমান, মো. মামুন আলীম ও স্বপন কুমার দাস রিটটি দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুলনিশি জারি করেছিল।
রিট নিয়ে শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, ১৯৫৯ সালের পিওর ফুড অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী, প্রত্যেক জেলায় খাদ্য বিশ্লেষক নিয়োগের বিধান রয়েছে। অধ্যাদেশের ৪১ ধারায় প্রত্যেক জেলায় 'খাদ্য আদালত' গঠনের কথা বলা হয়েছে। কিন্তু আইনটি মেনে প্রত্যেক জেলায় খাদ্য বিশ্লেষক নিয়োগ ও 'খাদ্য আদালত' স্থাপন করা হয়নি।
কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় খাদ্যে ভেজাল মহামারী আকার নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সব ধরনের খাদ্যে এমন সব রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে যার ফলে সকলের জীবন বিপন্ন হয়ে পড়ছে।
মনজিল মোরশেদ শুনানীতে বলেন, ২০০৫ সালে ফুড অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করা হলেও ভেজাল প্রতিরোধে কার্যকর কোন নীতি নির্ধারনী পদক্ষেপ নেওয়া হয়নি।
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার অধিকার রয়েছে। এটি সংবিধান স্বীকৃত একটি মৌলিক অধিকার। কিন্তু ভেজাল খাদ্যের কারণে নাগরিকদের সেই অধিকার লংঘিত হচ্ছে।
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসকে/২০০৪ ঘ.
bdnews24