ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শাহজাহানপুর এবং হবিগঞ্জের বাহুবল উপজেলায় সোমবার পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
শাহজাহানপুর উপজেলার আড়িয়া ফুলতলায় ভোরে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস ভোরে আড়িয়া ফুলতলা এলাকায় পৌঁছালে নওগাঁর সান্তাহার থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চার আরোহী নিহত হয়।"
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশগুলো একই হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে বাহুবল উপজেলার পুটিজুরী নামক স্থানে সকালে দ্রুতগামী একটি বাসের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহত আয়েশা আক্তার জুনি (১২) বাহুবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস জুনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক বেলা ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এইচএ/১৪৪৫ ঘ.
bdnews24