ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ছাড়াও প্রতিটি সংসদীয় এলাকায় সাংসদদের জন্য কার্যালয়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্পিকার আব্দুল হামিদ।
এর আগে স্পিকার ঘোষণা করেছিলেন যেসব সাংসদের কোনো সরকারি দপ্তর নেই তারা সংসদ ভবন সংলগ্ন ভবনে চেম্বার পাবেন।
রোববার সংসদ অঙ্গনে একটি মিডিয়া সেন্টার উদ্বোধন করার সময় স্পিকার সাংবাদিকদের জানান, তিনি আগের এমপি হোস্টেলকে সাংসদদের কার্যালয়ে রূপান্তরিত করবেন।
সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতিদের জন্য গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।
বর্তমান সংসদে ৪৭টি সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে।
স্পিকার বলেন, " আমি মনে করি নিজের এলাকায় সাংসদদের কার্যালয় থাকা প্রয়োজন। আগামী পার্লামেন্ট কমিশনে আমি এ বিষয়ে একটি প্রস্তাব আনব।"
প্রতিবছর বাজেটের আগে অর্থবছরের খরচের একটি প্রস্তাব পেশ করে পার্লামেন্ট কমিশিন।
স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা সংসদ সচিবালয় থেকে খুব কম লজিস্টিক সহায়তা পেয়ে থাকেন।
তিনি এ প্রসঙ্গে বলেন, "সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের জন্য সংসদের মনোগ্রাম সম্বলিত পতাকাসহ গাড়ির ব্যবস্থা করার সর্বোচ্চ চেষ্টা করব আমি।"
নিজেকে 'খুবই নিরপেক্ষ' দাবি করে আবদুল হামিদ বিরোধী দলীয় সাংসদের কখনও বঞ্চিত না করবেন না বলে জানান।
সাংবাদিকদের 'জাতীয় সংসদের অংশ' উল্লেখ করে তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য সম্ভব সব ধরনের উপকরণগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন স্পিকার।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ আব্দুস শহীদ, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ অন্যান্য হুইপ এবং সাংবাদিকরা বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24