ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকার মানুষগুলো নতুন বিপদের সম্ভাবনায় আতঙ্কিত হয়ে পড়েছে। পূর্ণিমার আগে এ বাঁধগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে তাদের আবারও পানিতে ভাসতে হবে। নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।
এরই মধ্যে কয়েকটি জেলায় বিভিন্ন স্থানে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করেছে।
ভোলায় ক্ষতিগ্রস্ত বাঁধের পরিমাণ নিয়ে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যে ব্যাপক গলমিল পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলায় জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকার মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে। আগামী পূর্ণিমার আগে বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা মেরামত না করলে ওইসব এলাকা নতুন করে প্লাবিত হয়ে তলিয়ে যেতে পারে পুরো এলাকা।
ইতোমধ্যে সেচ্ছাশ্রমের মাধ্যমে এ দুই উপজেলার কয়েক কিলোমিটার বেড়িবাঁধ মেরামত করেছে।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানান, উপদ্রুত এলাকার ৩১ কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ২৬ হাজার ২৮ হেক্টর চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। ৮২৮ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়েছে। সম্পূর্ণভাবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৭ শ ৬৭টি। গৃহহীন হয়েছে ১ লাখ ২৮ হাজার ২ শ ২৯টি পরিবার। মানুষ মারা গেছে ৬১ জন।
জেলার ৯৭টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৬০ হাজার ১২৪ জন মানুষ আশ্রয় নিয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, ক্ষতিগ্রস্ত বাঁধগুলো দ্রুত মেরামত করার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে সেনাবাহিনী, বিডিআর, পানি উন্নয়ন বোর্ড-১ ও ২, এলজিইডি, জেলা পরিষদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি আর জানান, আশ্রয়হীন মানুষদের বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, চিড়া, গুড়, পানি, খাওয়ার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই, নগদ টাকাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সামনে পূর্ণিমা। ওই সময় নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪/৫ ফুট বেড়ে যায়। তাই এর আগে বাঁধগুলো মেরামত না করা হলে আবারও প্লাবিত হতে হবে।
সাতক্ষীরা পাউবো'র নির্বাহী প্রকৌশলী মুজিবর রহমান জানান, কাজের বিনিময় খাদ্য অথবা নগত টাকা কর্মসূচির মাধ্যমে দ্রুত বাঁধ মেরামত করা সম্ভব। তবে অবশ্যই এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা থাকতে হবে।
ভোলা: ভোলার ৩১৮ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করা হয় সবসময়। প্রতি বছরই এই বাঁধ মেরামত ও পুনর্নির্মাণের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় হয়।
এলাকায় ঘুরে এসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আহাদ চৌধুরী জানান, সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্ত বাঁধের দৈর্ঘ্য সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের দেওয়া তথ্যে ব্যাপক গরমিল রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলীদের তথ্যমতে জেলার ৭ উপজেলায় গত ২৫ মে'র ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধের পরিমাণ ৯০ কিলোমিটার।
কিন্তু জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম স্বাক্ষরিত এক হিসাবে ৭ উপজেলার মধ্যে ৬ উপজেলায় ক্ষতিগ্রস্ত বাঁধের পরিমাণ দেওয়া হয়েছে ২২১ দশমিক ২৫ কিলোমিটার।
ভোলা পানি উন্নয়ন বোর্ড-১ (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড়ে চারটি উপজেলায় বেড়িবাঁধের ২২.৫০ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ভোলা সদরে ৫.৫০, দৌলতখানে ৩.০০, তজুমদ্দিনে ৬.৫০ এবং বোরহানউদ্দিন উপজেলায় ৭.৫০ কিলোমিটার।
অন্যদিকে ভোলা পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী মো. ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়লায় তিন উপজেলায় বেড়িবাঁধের ৬৮ কিলোমিটার সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে লালমোহনে ১২.০৫, মনপুরায় ২৫.৫০ এবং চরফ্যাশনে ৩০.৪৫ কিলোমিটার।
এ ব্যপারে জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে ৬ উপজেলার ক্ষতিগ্রস্ত বাঁধের দৈর্ঘ্য ২২১ কিলোমিটার দেখানো হয়েছে। বাস্তবে আরও কম হতে পারে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড -১ ও ২ এর নির্বাহী প্রকৌশলীরা জানান, ৭ উপজেলায় তাদের জরিপ অনুযায়ী ৯০ কিলোমিটার বাঁধ মেরামত, পুনর্নির্মাণ ও বাঁধ প্রতিরক্ষা কাজের জন্য সরকারের কাছে ২৪ কোটি টাকা চাওয়া হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন শুক্রবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দৌলতখান ও বোরহানউদ্দিনের বেড়িবাঁধ পরিদর্শন করেন। তিনি বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস দেন। সরকারের অনুমোদনের পরেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু হবে।
খুলনা: ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে খুলনার ৬টি উপজেলায় ৫৯৪ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়রা, দাকোপ, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার হাজার হাজার পানিবন্দী মানুষ। ক্ষতিগ্রস্ত বাঁধ এখনও মেরামত করা হয়নি।
খুব শিগগিরই বাঁধগুলোর সংস্কার কাজ করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জেলা প্রশাসক এনএম জিয়াউল আলম জানান, জলোচ্ছাসে ৬টি উপজেলার ৫৯৪ কিলোমিটার রেদিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কয়রায় ৯০, দাকোপে ১১৮, পাইকগাছায় ২০০, বটিয়াঘাটার ১৮১, ডুমুরিয়ায় ১ এবং রূপসা উপজেলায় ৪ কিলোমিটার।
তবে ভেঙে যাওয়া বেড়িবাঁধ এখনও সংস্কার না হওয়ায় নদীর জোয়ারে আবারও দুর্গত এলাকা প্লাবিত হবে।
এ ব্যাপারে পাউবো-২ এর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী জানান, তাদের আওতাধীন এলাকায় ৩৯ কিলোমিটার বাঁধ পুরোপুরি এবং ১১৯২ দশমিক ৪ কিলোমিটার আংশিক ভেঙে গেছে। এর সংস্কারে ৫৯ কোটি ৮৮ লাখ টাকা প্রয়োজন বলে জানান তিনি।
পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী নওশদ জামান জানান, তাদের আওতায় ১ দশমিক ২০ কিলোমিটার বাঁধ পুরোপুরি এবং ২৮ দশমিক ৫ কিলোমিটার আংশিক ভেঙে গেছে।
পটুয়াখালী: ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া দু'দিন ধরে পটুয়াখালীর ঘূর্ণি উপদ্রুত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন।
শনিবার তিনি কলাপাড়ার কুয়াকাটা, গলাচিপার চরকাজল, পটুয়াখালী শহর এবং রোববার মির্জাগঞ্জ উপজেলার চরখালী ও গোলখালী এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দুর্গতদের মাঝে হামদর্দ ও ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন মন্ত্রী।
এ সময় সাংসদ মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট এএসএম আইনুল বারীসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতারা তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.
bdnews24