ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় প্রকৃত আসামিদের আড়াল করতে জজ মিয়াসহ তিন জনের 'মিথ্যা' জবানবন্দি নিয়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাবেক তিন কর্মকর্তাকে সোমবার স্থায়ী জামিন দিয়েছে আদালত।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান, মো. আব্দুর রশিদ এবং বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করেন।
১ লাখ টাকা মুচলেকায় তাদের জামিন দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ।
গত ১৩ এপ্রিল আসামিরা হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন চান। তখন বিচারপতি এম এ ওয়াহাব মিয়া ও মোহাম্মদ মারজি-উল হকের বেঞ্চ তাদের আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন।
এরপর আসামিরা গত ১২ মে জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক ১ জুন শুনানির দিন ধার্য করেন।
শুনানিতে আসামিদের পক্ষে আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খান বলেন, "আসামিদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হয়েছে। তাই জামিন পাওয়া আসামিদের সুযোগ নয়, অধিকার। আর এর বিপক্ষে রাষ্ট্রপক্ষ কোনো যুক্তি ও উচ্চ আদালতের সিদ্ধান্ত উপস্থাপন করতে পারেনি।"
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন মকবুল হোসেন।
বিচারক বশির উল্লাহ এরপর জামিনের আদেশ দেন। তবে একইসঙ্গে তিনি বলেন, "মিথ্যা সাক্ষ্য আদায়ের এই ঘটনা আগামী ১০০ বছর পর্যন্ত দৃষ্টান্ত হয়ে থাকবে।"
গত ২৯ মার্চ পল্টন থানায় মামলাটি করেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ফজলুল কবির।
মামলায় অভিযোগ করা হয়, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা হিসেবে এ তিনজন ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে নির্দোষ জজ মিয়া, আবুল হাসেম রানা ও শফিকুল ইসলাম শফিককে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করেন। ২২ জন নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করেন প্রকৃত আসামিদের আড়াল করার জন্য।
২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২২ জন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্তে জঙ্গি সংশ্লিষ্টতার কথা না এলেও পরে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান স্বীকার করেন, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১২০৩ ঘ.
bdnews24