চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---স্ব^ীকারোক্তি আদায়ের জন্য দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে ঢাকায় নিয়ে যাওয়া হবে।
ঢাকায় টিএফআই (টাস্কফোর্স ইন্টারোগেশন) সেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এর (সিআইডি) কর্মকর্তারা।
রোববার তার চারদিনের পুলিশ রিমান্ড শেষ হয়েছে।
এদিকে রোববার এনএসআইয়ের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনকে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি।
সিআইডির বিশেষ সুপার মো. মুসলিম বলেন, অধিকতর তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করায় রিমান্ডের আবেদন করা হয়েছে।
সোমবার এ রিমান্ড আবেদনের শুনানি হবে বলেও জানান তিনি।
এর আগে এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন, মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রিমান্ডে মেজর লিয়াকতের কাছ থেকে উল্লেখযোগ্য স্বীকারোক্তি আদায় করতে না পারায় তাকে সোমবার চট্টগ্রাম হাকিম আদালতে হাজির করে আবার হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম।
বিশেষ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাবেক নিরাপত্তা কর্মকর্তা হওয়ায় মেজর লিয়াকত তথ্য প্রদানের ক্ষেত্রে বেশ সতর্ক। তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা স্বীকার করলেও তা তদন্তের স্বার্থে তিনি বলতে চাননি।
সুপার জানান, লিয়াকতকে আরো জিজ্ঞাসাবাদের জন্য সোমবার আদালতে হাজির করে নতুন করে দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হতে পারে। দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে তাকে ঢাকায় টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হবে।
এনএসআই সাবেক পরিচালক সাহাবুদ্দিনের জবানবন্দির পরিপ্রেক্ষিতে ওই অবৈধ অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিআইডি গত মঙ্গলবার ঢাকার ধানমণ্ডির বাসা থেকে লিয়াকতকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এসকে/১৮৫১ঘ.
bdnews24