২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত, ভোলায় হামলায় কর্মসূচি পণ্ড

নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শনিবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি এবং এর সমর্থক বিভিন্ন সংগঠন। সিলেটে বিএনপির দু'টি গ্র"প পৃথকভাবে দিনটি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শনিবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি এবং এর সমর্থক বিভিন্ন সংগঠন। সিলেটে বিএনপির দু'টি গ্র"প পৃথকভাবে দিনটি পালন করেছে। ভোলা জেলা সদরে পুলিশ প্রহরায় শোকসভা ও র‌্যালি হলেও সন্ত্রাসী হামলায় দৌলতখান ও লালমোহন উপজেলায় অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে স্থানীয় নেতারা জানান। সাভারে পুলিশের বাধার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ- চট্টগ্রাম: বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। সকালে রাঙ্গুনিয়ায় মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাস ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রথম কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া কবর প্রাঙ্গণে দোয়া মাহফিল ও ফাতেহা পাঠ করা হয়। এসময় বিএনপি নেতাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, দলের কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক প্রতিমন্ত্রী সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, এএম নাজিম উদ্দীন, দস্তগীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থি'ত ছিলেন। বিকালে মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম মুসলিম হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপকৌশল মাত্র।" আওয়ামী লীগ নির্বাচনী অঙ্গীকার ভুলে গিয়ে বিরোধী দলকে দমন করে দেশে 'একদলীয় বাকশালীয় শাসন' কায়েমে ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি। নোমান বাংলাদেশের পুনর্গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা তুলে ধরে দলের সভাপনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান। রাজশাহী: দিবসটি পালন উপলক্ষে রাজশাহী মহানগর ও বিভিন্ন উপজেলায় দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করা হয়। সকালে মহানগরীর ভুবনমোহন পার্কে দলীয় পতাকা উত্তোলন করে কর্মসুচির উদ্বোধন করেন বিএনপি নেতা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। দুপুরে ভুবনমোহন পার্ক, কোর্ট এলাকা, শাহ মখদুম থানা বিএনপি কার্যালয় এবং বুধপাড়ায় জিয়া স্কুলে কাঙালী ভোজের আয়োজন করা হয়। নগরীর বিভিন্ন পয়েন্টে জিয়াউর রহমানের স্মৃতি সম্বলিত বক্তব্য ও গান বাজানো হয়। এ ছাড়া মোহনপুর, তানোর, চারঘাট ও দুর্গাপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। খুলনা: খুলনা মহানগর ও জেলা বিএনপির দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় পাতাকা উত্তোলন, দলীয় ও কালো পতাকা অর্ধনমিতকরণ। সকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র‌্যালি। সাবেক সাংসদ এম নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, সাবেক সাংসদ ডা. গাজী আব্দুল হকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। এ ছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডে দিনব্যাপী কোরআনখানি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বরিশাল: বরিশাল নগরী এবং জেলার ১০ উপজেলায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন জেলা ও মহানগর বিএনপি নেতারা। বরিশাল জেলা বিএনপি সভাপতি ও সাংসদ মজিবর রহমান সরোয়ার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন, সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক চান, মহানগর বিএনপি সভাপতি মাহমুদ গোলাম সালেকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে কোরআনখানি ও জামে বায়তুল মোকাররম মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। কর্মসূচির মধ্যে ছিল বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়া অনুষ্ঠান। সিলেট: সিলেটে বিএনপির দু'টি গ্র"প পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। সাবেক সাংসদ ইলিয়াস আলীর নেতৃত্বে একটি অংশ বিকেলে নগরীর উপশহরে আলোচনা সভার আয়োজন করে। ইলিয়াস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় সাবেক সাংসদ দিলদার হোসেন, আলী আহমদ, আব্দুল গফ্ফার, নোমান মাহমুদ, কামাল আহমদ চৌধুরীসহ জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন । এদিকে দুপুরে বিএনপি নেতা আরিফুল হকের নেতৃত্বাধীন অপর অংশটি কুমারপাড়া এলাকার কার্যালয়ে আলোচনা সভা আয়োজন করে। আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে নাসিম হোসাইন, এএনএম এ মাহবুব আহমদ, শাহরিয়ার হোসেন চৌধুরী, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীসহ প্রমুখ বক্তব্য রাখেন। বগুড়া: বগুড়ায় দিবসটি পালন উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় বড় মসজিদে মিলাদ মাহফিল এবং গরীবদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ সময় বগুড়া-৬ আসনের সাংসদ জমির উদ্দিন সরকারসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদলের উদ্যোগে বাইতুর রহম মসজিদে বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়া করা হয়। জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলীর বাগবাড়ীতে কোরআনখানি, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ফ্রি চিকিৎসা ক্যাম্প, দুঃস্থদের মাঝে চাল ও অর্থ বিতরণ, কেরাত, হামদ-নাত প্রতিযোগিতাসহ জিয়াউর রহমানের জীবনে ওপর নির্মিত চলচ্চিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বগুড়া-৭ আসনের সাংসদ মওদুদ আহমেদসহ উপজেলা নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ভোলা: সন্ত্রাসীদের বাধার কারণে দৌলতখান ও লালমোহনে অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। দৌলতখান পৌরসভা মেয়ের ও বিএনপি নেতা মাসুদুর রহমান সিকদার জানান, দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙালী ভোজের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানে হামলা চালালে তা পণ্ড হয়ে যায়। বিএনপির লালমোহন উপজেলা সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন জানান, ছাত্রলীগ নেতা-কর্মীরা অনুষ্ঠানের ব্যানার ছিনিয়ে নিয়ে আয়োজকদের ওপর হামলা চালায়। ভোলা-৩ (লালমোহন) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ অবসরপ্রাপ্ত মেজর জসীম উদ্দিন আহমেদ বলেন, আ. লীগের কোনো লোক অনুষ্ঠানে হামলা করেনি। তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এটা হয়েছে। এদিকে পুলিশ পাহারায় ভোলা সদরে বিএনপি কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। এরপর একটি শোক র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নাছির মাঝি এলাকায় ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। সাভার: সাভারে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকালে পুলিশের বাধার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হয়। সকাল ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের খসরুবাগান এলাকায় পৌর মেয়রের বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, পুলিশ অনুষ্ঠানস্থল ও এর আশপাশে লাগানো ৬টি মাইক খুলে নিয়ে যায়। এরপর তারা সংক্ষিপ্ত আকারে মিলাদ ও দোয়া মাহফিল শেষ করেন। পরে গণভোজের আয়োজন করা হয়। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহাদাত বার্ষিকী পালনের নামে রাস্তার বিভিন্ন পয়েন্টে মাইক লাগিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বিএনপি'র নেতা-কমীরা। তাই রাস্তার পাশে লাগানো কয়েকটি মাইক খুলে আনা হয়েছে। এ ছাড়া বরগুনা, জামালপুর, নড়াইল, নওগাঁ, সাতক্ষীরা ও নোয়াখালীসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/এসকে/এমএসবি/২২১৭ ঘ.