ঝিনাইদহ, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে শুক্রবার অপহরণ করা হয়েছে।
মঞ্জুর শ্যালক অ্যাডভোকেট আবু রওশন রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে তিনি গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রাত দেড়টার দিকে তার মোবাইল ফোন নম্বরে এক ব্যক্তি ফোন করে মঞ্জুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৩০ লাখ টাকা চায়। ওই ব্যক্তি তার পরিচয় জানাননি।
তিনি জানান, ওই ব্যক্তি শেষ পর্যন্ত আট লাখ টাকা দাবি করেন।
মঞ্জু পরিবার নিয়ে ঝিনাইদহ শহরের বেপারীপাড়ায় শ্বশুর বাড়িতে থাকেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, তারা ঘটনা শুনেছেন। কিন্তু এখন পর্যন্ত এপিপির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.
bdnews24