২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের উর্ধ্বে রেখে আধুনিকায়ন করা হবে'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের উর্ধ্বে রেখে একে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০০৯ উপলক্ষে নিহত শান্তিরক্ষীদের নিকট আত্মীয় এবং অবসরপ্রাপ্ত আহত শান্তিরক্ষীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের উর্ধ্বে রেখে একে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। রাজধানীর চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০০৯ উপলক্ষে নিহত শান্তিরক্ষীদের নিকট আত্মীয় এবং অবসরপ্রাপ্ত আহত শান্তিরক্ষীদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সশস্ত্র বাহিনীর পেশাগত মানউন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, "দেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করা হবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। "আমরা সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের উর্ধ্বে রেখে একে দেশপ্রেমী, সাহসী ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলবো।" তিনি বলেন, সশস্ত্র বাহিনীদের সদস্যদের নিয়োগ, পোস্টিং, পদোন্নতি নির্ধারিত হবে যোগ্যতা, মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে। প্রধানমন্ত্রী আরো বলেন, "বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরো বেশি করে পুলিশ ও সেনা সদস্য পাঠাবে। এ উদ্দেশ্যে ইনশাল্লাহ শান্তিরক্ষা মিশনে আরো বেশি করে পুলিশ ও সেনাসদস্য পাঠানোর সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেবো। আমরা শান্তি চাই, সংঘাত নয়।" অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন ইউ আহমেদ, ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রেনাটা লক ডেসালিয়ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অবস্থায় যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরাবতা পালন করা হয়। বাংলাদেশ জাতিসংঘের ৬৩ টি শান্তিরক্ষা মিশনের মধ্যে ৪৫ টিতে অংশ নিয়েছে। এতে বাংলাদেশের ৮১ হাজার ৪১৫ জন শান্তিরক্ষী অংশ নেন। বর্তমানে বিশ্বের ২০টি দেশে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম চলছে। যাতে ৯২ হাজার ৬৫৫ জন সেনা ও পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৯ হাজার ৪০৯ জন শান্তিরক্ষী ১৩টি শান্তিরক্ষা মিশনে নিয়োজিত। সেনা সদস্যের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কার্যকর ভূমিকা পালনকারী দ্বিতীয় বৃহত্তম দেশ। আর পুলিশ সদস্যের সংখ্যা বিবেচনায় বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে প্রথম স্থানে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইউএম/এএনএস/এইচএ/২৩০০ঘ.