মৌলভীবাজার, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল থেকে বৃহস্পতিবার রাতে সেগুন গাছ কেটে ট্রাকে করে পাচারের সমন্বিত রক্ষিত এলাকা ব্যবস্থাপনা প্রকল্পের (আইপ্যাক) টহলদল ও বনরক্ষীদের সঙ্গে চোরদের সংঘর্ষ হয়েছে।
গাছচোরেরা আটক গাছসহ ট্রাক ও এক চোরকে ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনার সময় বনরক্ষীরা ৫ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে। গাছচোরদের হামলায় বন বিভাগের বনরক্ষী ও গাড়িচালকসহ আহত হয়েছেন ছয়জন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাউছড়ার বিট কর্মকর্তা শাজাহান মিয়া শুক্রবার ১৪ জনকে আসামি করে বন আইনে এ ঘটনায় মামলা করেছেন। পুলিশ তদন্ত করছে।
লাউছড়ার বিট কর্মকর্তা শাজাহান জানান, সংঘর্ষে বনরক্ষী সিরাজ মিয়া (৬৫), জোনাব আলী (২৩), বাবুল মিয়া (২৫), জমির হোসেন (৩০), আলী আজম (৩৫) ও বন বিভাগের গাড়ি চালক শ্যামল (৩২) আহত হয়েছেন। তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ৩০/৩৫ জনের একদল চোর লাউয়াছড়া জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলের মাধবপুর এলাকার ১৭ নম্বর বনকূপের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন ছনখলা এলাকা থেকে সেগুন গাছ কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছিল।
সমন্বিত রক্ষিত এলাকা ব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক) টহলদল সেগুন গাছসহ ট্রাক ও চোর আসিক মিয়াকে আটক করে।
এ সময় শাহ আলম, হানিফ মিয়া ও মতিন মিয়ার নেতৃত্বে গাছচোর দল দেশীয় অস্ত্র নিয়ে আইপ্যাক টহলদল ও বন কর্মীদের উপর হামলা চালায়। তারা আটক চোর ও গাছসহ ট্রাকটি ছিনিয়ে নেয়। তখন বনকর্মীরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩২ ঘ.
bdnews24