২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও বাগেরহাটে ১১টি দোকান পুড়ে গেছে, দমকলের গাড়ি ভাঙচুর

বাগেরহাটের রামপাল এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুক্রবার আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। চুনারুঘাটে ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় বিক্ষুদ্ধ লোকজন ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় আহত হন পাঁচ দমকলকর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2009, 10:27 AM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের রামপাল এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শুক্রবার আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। চুনারুঘাটে ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় বিক্ষুদ্ধ লোকজন ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় আহত হন পাঁচ দমকলকর্মী। শুক্রবার ভোর সাড়ে চারটায় রামপালের বাঁশতলী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে আগুন লেগে একটি দোকান আগুনে পুড়ে গেছে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বাজারে সকাল পৌনে ১১টায় একটি পত্রিকার দোকানে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: ভোর চার দিকে কালিগঞ্জ বাজারের আফজাল স্টোর নামের একটি দোকানে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুল ইসলাম শাহীন জানান, স্থানীয় মুসল্লিরা নামাজ পড়তে উঠে রামপাল বাজারের আফজাল স্টোর আগুনে পুড়তে দেখে। তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। দোকানটির সব মালামাল আগুনে পুড়ে গেছে। ব্যবসায়ী আফজাল হোসেন দাবি করেন, আগুনে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হবিগঞ্জ: চুনারুঘাট উপজেলা বাজারে আগুন লাগার পর স্থানীয়রা এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে পত্রিকা ও জুয়েলারির দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফখরুদ্দিন জানান। তিনি জানান, চুনারুঘাট উপজেলা সদরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। তাই হবিগঞ্জ জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট যায়। কিন্তু দেরিতে পৌঁছানোয় ক্ষুব্ধ লোকজন তাদের ওপর হামলা চালায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, বিক্ষুদ্ধরা দমকলের গাড়িটিও ভাঙচুর করে। হামলায় তিনিসহ ৫ জন আহত হয়েছেন। কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৩০ ঘ.