লালমনিরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর ভাঙনে শতাধিক ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।
এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার অংশ ধসে গেছে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে ফ্যাক্সের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ত্রাণ বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী জানায়, গত দু'দিনে তিস্তা নদীর পানি কমে গেলেও ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।
ভাঙনে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নিজ গড্ডিমারী, ছয়আনী, নয়আনী, শিংঙ্গিমারী ইউনিয়নের ধুবনী, সিন্দুরনা ইউনিয়নের হলদিবাড়ী, পূর্ব সিন্দুরনা, পাটিকাপাড়া ইউনিয়নের বালাঘাট, দক্ষিণ পারুলীয়া, উত্তর পারুলীয়া, ডাউয়াবাড়ী ইউনিয়নের কিশামত লোহানী, খোর্দবিছনদই, উত্তর ডাউয়াবাড়ী এলাকার প্রায় শতাধিক ঘর-বাড়ি বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার ভাঙন কবলিত এলাকার আমেনা, আমিনুর, ইউছুফ মোল্লা, আফসার, কাদের, মনছুর জানান, তাদের বাড়ি-ঘর সম্পূর্ণ নদী গর্ভে চলে গেছে। তারা এখন নিঃস্ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24