চট্টগ্রাম, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হরিন শাবক জবাইয়ের দায়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এফ এম আমিনুল হককে দোষী সাব্যস্ত করেছে তদন্ত কমিটি।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিনকে আহবায়ক করে গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক আমিনুল হকের বিরুদ্ধে হরিন জবাইয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "অধ্যাপক আমিনুল হকের বিরুদ্ধে হরিন জবাই করার অভিযোগ প্রমাণিত হয়েছে।"
তার নির্দেশেই হরিনটি জবাই করা হয় বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তদন্ত প্রতিবেদনে আমিনুল হকের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে হরিন জবাই করার আভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া হরিন জবাইয়ের অভিযোগ তিনি লিখিতভাবে স্বীকারও করেছেন।
পরবর্তী সিন্ডিকেট সভায় (৩১ মে) অধ্যাপক আমিনুল হকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উপাচার্য জানান।
গত ২৪ মে ক্যাম্পাসের বন ও পরিবেশ বিদ্যা ইন্সটিটিউটের বাগানের গেটের ফাঁকে আটকে যাওয়া একটি হরিণ শাবককে আমিনুল হকের নির্দেশে জবাই করা হয় বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/টিআর/০০১৬ ঘ.
bdnews24