২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলে বিশুদ্ধ পানির তীব্র সংকট, পৌঁছাচ্ছে না ত্রাণ

ঘূর্ণিঝড় আয়লার আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়াসহ বিভিন্ন ধরণের রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সাতক্ষীরার উপদ্রুত দুটি উপজেলায় ডায়রিয়ায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 05:47 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লার আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির তীব্র সংকট চলছে। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়াসহ বিভিন্ন ধরণের রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সাতক্ষীরার উপদ্রুত দুটি উপজেলায় ডায়রিয়ায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি বলে জানা গেছে। সোমবার দুপুরে বরিশাল ও খুলনা উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। এতে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত ১৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভোলায় ১০ জন নিখোঁজ রয়েছে। আহতের সংখ্যা ছয় হাজার ৭০৮ জন। ১৫ জেলার ৭৬ উপজেলার ৫৮৭ ইউনিয়নের সাত লাখ ৮৩ হাজার ২৮৬ টি পরিবার ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার সাংবাদিকদের জানান। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেওয়া হলেও পর্যায়ক্রমে তাদের সর্বোচ্চ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: আয়লার আঘাতে প্রভাবে জেলার চারটি উপকূলীয় উপজেলা মংলা, রামপাল, শরণখোলা ও মোরেলগঞ্জের প্রায় পাঁচ লাখ মানুষ মারাত্মকভাবে সুপেয় পানির সংকটে পড়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত 'উপকূলীয় অঞ্চলে পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ কৌশল' শীর্ষক জেলা সংলাপে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রাবেয়া খাতুন বলেন, জলোচ্ছ্বাসের কারণে সেখানকার সব পুকুর লবণ পানিতে প্লাবিত। সেখানে খাবার পানি তো দূরের কথা, গোসল করা বা হাত মুখ ধোয়ার মতও পানি নেই। পানি ও স্যানিটেশন বিষয়ে এনজিও নেটওয়ার্ক এনজিও ফোরাম আয়োজিত এই সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজের (ডিপ্লোমা) অধ্যক্ষ অধ্যাপক বুলবুল কবীর, অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিক ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান। বাগেরহাট জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রেহানা পারভীন লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম জাকির হোসেন। এদিকে আয়লার প্রভাবে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলের বেড়ি বাঁধ মেরামতের কাজ শিগগিই শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। মন্ত্রী বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য চিংড়ি চাষীদের কিছুটা দায়ী করে বলেন, "চিংড়ি চাষীরা বেড়িবাঁধ কেটে পাইপ দিয়ে পানি উঠা-নামানোর কাজ করায় অধিকাংশ বাঁধ কিছুটা দুর্বল হয়ে পড়েছে।" এর আগে তিনি বাগেরহাটের রামপাল উপজেলার সন্যাসী বাজার, গিলাতলা বাজার ও রামপাল উপজেলা সদরে দুর্গতদের মাঝে ত্রাণ বিতারণ করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান একে আজাদ, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মুয়াজ্জেম হোসাইন, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক প্রমুখ তার সঙ্গে ছিলেন। বিকালে পানিসম্পদ মন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পটুয়াখালী: পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে এখন ত্রাণ সহায়তা পৌঁছায়নি। জলাবদ্ধ হাজার হাজার পরিবার তাকিয়ে আছে সরকারি-বেসরকারি সহায়তার দিকে। বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে বিচ্ছিন্ন চরাঞ্চলে। তবে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সরকারিভাবে নগদ নয় লাখ ১০ হাজার টাকা এবং ৬১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য নুর মোহাম্মদ সিকদার জানান, প্রবল জোয়ারে চান্দখালী খালের বাঁধটি ভেঙে গেছে। চান্দখালী গ্রামের বেলায়েত হোসেন জানান, জলোচ্ছ্বাসের পানি না কমায় এখনও পানিবন্দি আছে অসংখ্য বাড়ি। অপেক্ষাকৃত নিচু এলাকায় পানি জমে থাকায় বন্ধ হয়ে গেছে ঐ সব এলাকার গৃহস্থালীর কাজ ও রান্নাবান্না। বাবু আলী সিকদার জানান, গ্রামের বেড়িবাঁধ ও ভিতরের রাস্তাঘাট ধংস হয়ে গেছে। তিনি ক্ষোভের সঙ্গে জানান, ত্রাণ তো ভালো কথা কেউ দেখতে পর্যন্ত যায়নি তাদের। চরবিশ্বাষ থেকে আবদুল মালেক নামে এক মাছ ব্যবসায়ী জানান, রেডিও ও বিটিভিতে ত্রাণের সংবাদ প্রচার হলেও বাস্তবে কোন ত্রাণ পৌঁছায়নি চারাঞ্চলে। চরকাজলের আহসান আজিম জানান, চরাঞ্চলে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। উপদ্রুত এলাকায় বিশুদ্ধ পানি ও ত্রাণসামগ্রী জরুরিভাবে বিতরণ করা দরকার। অন্যথায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পটুয়াখালী পৌরসভার বেশ কয়েকটি এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। পটুয়াখালী পৌরসভার মেয়র মোশতাক আহমেদ জানান, অপরকিল্পিতভাবে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। বরগুনা: বুড়িরচরসহ বরগুনার যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় সরকারি ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি। জেলার ৪০ হাজার পরিবার ত্রাণ পায়নি বলেও জানা গেছে। সরকারি হিসাবে বরগুনার ৬০ হাজার ৪৪৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার পর্যন্ত ৬০০ টন চাল ও ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩ কেজি করে চাল দিয়ে ২০ হাজার পরিবারকে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। জেলার বরগুনার দুই শতাধিক গ্রামের প্রায় ৬০ হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। সহস্রাধিক পরিবার এখনও আশ্রয়হীন হয়ে বেড়িবাঁধের উপর আছে। পানি বন্দি গ্রামগুলোতে খাবার এবং পানীয় জলের তীব্র সংকট চলছে। বুড়িরচরের বশির উদ্দিন বাবুল জানান, বুধবার বিকেলে পুরাকাটা ফেরীঘাটে বসে ২২০ পরিবারের মাঝে সাড়ে ৩ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সেখানকার চার শতাধিক পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। বাদল মিয়া, মিরাজ, সেলিম প্যাদা, আসলাম প্যাদা, ফাতেমা বেগম, জুয়েল, কুদ্দুস, মন্নানসহ অন্তত দুশ' পরিবার চাল পায়নি। কালিরতবক গ্রামের ইসমাইল মাষ্টার জানান, তাদের এলাকার পাঁচ শতাধিক পরিবার এখন পর্যন্ত ত্রাণ পায়নি। এছাড়া সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী, ফুলঝুড়ি, বদরখালী, গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা, লাকুরতলা, ধুপতি, কেওড়াবুনিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম, আয়লা পাতাকাটা, আয়লা পাতাকাটা ইউনিয়নের আয়লা, বুড়িরচরের লবণগোলা, মানিকখালী, ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা, মোল্লার হোরা, পোটকাখালী, গোলবুনিয়া, বান্দরগাছিয়া, চরকগাছিয়া, নলী, বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া, পাজরাভাঙ্গা, হেউলিবুনিয়া, কলাতলা, এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা, বড় বালিয়াতলী, ছোনবুনিয়া, ফালিশাতলী, চালিতাতলী, নলটোনা ইউনিয়নের সোনাতলা, গাজী মাহামুদ, নিশানবাড়িয়া, গর্জনবুনিয়া, বেতাগী উপজেলার ঝোপখালী, সরিষামুড়ি, জলিশা, উত্তর বেতাগী, কালিবাড়ি, ভোড়া, গাবতলী, আলিয়াবাদ, বদনীখালী, আমতলী উপজেলার কড়ইবাড়িয়া, কচুপাত্রা, ঝাড়াখালী, জয়ালভাঙ্গা, পচাকোড়ালিয়া, চরকগাছিয়া, গুলিশাখালী, বালিয়াতলী, বামনা উপজেলার, চেচান, রামনা, উত্তর কাকচিড়া, জাফ্রাখালী ও বড় তালেশ্বর ও পাথরঘাটা উপজেলার পদ্মা, রুহিতা, বাদুরতলা, জ্বিনতলা, কাকচিড়া, মাঝেরচর, জালিয়াঘাটার অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবার এখনও ত্রাণ পায়নি বলে জানা গেছে। এ ব্যাপারে বরগুনা জেলা প্রশাসক স্বপন কুমার সরকার জানান, বরাদ্দ পাওয়ার পরেই তারা অগ্রাধিকার ভিত্তিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে চাল বিতরণ করছেন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এখনও সব পরিবারকে দিতে পারেননি। আগামী ২/১ দিনের মধ্যে তারা সব পরিবারকে চাল দিতে পারবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকেই ২০ কেজি করে চাল দেওয়া হবে। তবে এখন ৩/৪ কেজির বেশি দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে এ চাল দেওয়া হবে। খুলনা: কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ এলাকা থেকে এখনও পানি নামেনি। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কয়রায় ভাটার সময় পানি কিছুটা কমে যায়। এরপর বেলা তিনটার দিকে জোয়ারের সময় আবার পানি ওঠে। অবশ্য জোয়ারের পানি ওঠার পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন। কয়রা উপজেলার দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে খুলনা জেলা ও নগর বিএনপি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, শাড়ি, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, মোমবাতি ও ম্যাচ। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাই, সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, বিএনপি নেতা শাহাবুদ্দিন আহমেদ, আমীর এজাজ খান, মোমরেজুল ইসলাম, ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন প্রমুখ। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতিকে পুঁজি করে ব্যবসায়ীরা শুকনো খাবার বিশেষ করে চিড়া, মুড়ি ও গুড়ের মূল্য প্রতি কেজিতে ৩ ও ৪ টাকা বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকদিন আগেও নগরীর বড়বাজারে প্রতি কেজি চিড়ার দাম ছিল ২৪ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ২৮ ও ৩০ টাকায়। মুড়ির মূল্য কেজিতে প্রতি ৪৪ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা এবং আখের গুড় ৪৮ টাকা থেকে বেড়ে ৫৪ টাকা হয়েছে। যারা ত্রাণ দিতে যাচ্ছেন তাদেরকে বাধ্য হয়েই বেশি দামে এসব কিনতে হচ্ছে। সাতক্ষীরা: বিশুদ্ধ পানির অভাবে সাতক্ষীরার উপদ্রুত এলাকায় ডায়রিয়া ও চর্ম রোগ ছড়িয়ে পড়েছে। এসমস্ত জায়গায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আয়লা আঘাত হানার পর চারদিন পার হয়ে গেলেও পর্যাপ্ত সাহায্য সহযোগিতা পায়নি। বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া বাঁধগুলোর অধিকাংশ স্থান দিয়ে এখনও জোয়ার-ভাটার পানি উঠছে নামছে। ডায়রিয়ায় শ্যামনগর ও আশাশুনি উপজেলায় চারজন মারা গেছেন। এরা হলেন- শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আব্দুল ওহাব ও তার ছেলে খোকন এবং আশাশুনি'র প্রতাপনগর গ্রামের ওয়াসেক আলী ও মোস্তফা কাজী। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের নেতা ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম লেনিন এবং আশাশুনির স্থানীয় সাংবাদিকরা এ তথ্য জানান। তবে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেছেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডায়রিয়াসহ সংক্রান্ত রোগের প্রাদুর্ভাবের ব্যাপারে সতর্ক থাকার এবং চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান। স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক আশাশুনি উপজেলার প্রতাপনগর, মানিকখালি, শ্রীউলা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি আশাশুনি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারিদের এবং দলীয় নেতাকর্মীদের দুর্গতদের পাশে থেকে কাজ করার জন্য আহবান জানান। সরকারি হিসেবে, সাতটি উপজেলায় এ পর্যন্ত চাল বিতরণ করা হয়েছে ৭৫২ মেট্রিক টন। নগদ সহায়তা দেওয়া হয়েছে ছয় লাখ ৪৫ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাতক্ষীরা প্রতিনিধি জানান, কেবল গাবুরা ইউনিয়নের ১৭টি গ্রাম ঘুরে একজন মানুষকেও বলতে শোনা যায়নি টাকা কিংবা চাল বা অন্য কোন সরকারি ত্রাণসামগ্রী পেয়েছেন তারা। শ্যামনগরের গাবুরা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, ত্রাণ ও উদ্ধারকাজে অব্যবস্থাপনা। কোথাও কাজ হচ্ছে। কোথাও ত্রাণ ও উদ্ধার কাজ করার কাউকে পাওয়া যায়নি। গাবুরায় দেখা গেছে, একটি স্পিড বোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সেনাসদস্যরা উদ্ধার কাজ করছেন। কিন্তু মুন্সীগঞ্জ, চকবারা, পদ্মপুকুরসহ কয়েকটি গ্রামে কাউকে দেখা যায়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, "এ বিষয়ে তিনি খোঁজ-খবর নেবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৫ ঘ.