২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ও সাতক্ষীরায় আরও ১২টি লাশ উদ্ধার

ঘূর্ণিঝড় আয়লার আঘাতে বিধ্বস্ত খুলনা ও সাতক্ষীরায় বৃহস্পতিবার আরও ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খুলনার কয়রা উপজেলায় আটজন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চারজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে খুলনা ৪৩ এবং সাতক্ষীরায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় আয়লার আঘাতে বিধ্বস্ত খুলনা ও সাতক্ষীরায় বৃহস্পতিবার আরও ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে খুলনার কয়রা উপজেলায় আটজন এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চারজনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে খুলনা ৪৩ এবং সাতক্ষীরায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে এবং বেসরকারিভাবে পাওয়া খবরে জানা গেছে, খুলনায় মারা গেছেন ৫১। ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ১৭৮ জনে দাঁড়িয়েছে। তবে সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে খুলনায় ৫১, সাতক্ষীরায় ৪৭, বরিশালে ৯, নোয়াখালীতে ২৪, ভোলায় ১৬, পটুয়াখালীতে ৯, পিরোজপুরে ১, লক্ষ্মীপুরে ৭, নরসিংদীতে ৪, চাঁপাইনবাগঞ্জে ২, কক্সবাজারে ২, মাগুরায় একজন, নঁওগাঁয় দুজন, রংপুরে একজন ও রাজশাহীতে দুজন। সোমবার দুপুরে ঘূর্ণিঝড় আয়লা বরিশাল ও খুলনা উপকুলে আঘাত হানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: খুলনা: ঘুর্ণিঝড় আয়লার আঘাতে লণ্ডভণ্ড খুলনার কয়রা উপজেলায় বৃহস্পতিবার আরও আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কয়রায় ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। সব মিলিয়ে জেলায় ৪৩ জন মারা গেছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি কয়রায় ৪১ জন ছাড়াও দাকোপ উপজেলায় নয়জন এবং বটিয়াঘাটায় একজনসহ মোট মারা গেছেন ৫১ জন। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরিফ পাশা জানান, বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ৩৩ জন। বৃহস্পতিবার আরও ৮টি লাশ পাওয়া গেছে। সবমিলিয়ে এ উপজেলায় ৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৫টি লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর ছয়জনের নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা জানিয়েছে, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় মারা গেছে দুজন। সব মিলিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪৩। তবে দাকোপ উপজেলার সুতারখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার ও কামারখোলা ইউপি চেয়ারম্যান সমরেশ রায় জানান, তাদের ইউনিয়নে যথাক্রমে সাতজন ও দুজন মারা গেছেন। কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ এলাকায় এখন পর্যন্ত পানি নামেনি। বৃহস্পতিবার সকাল আটটার দিকে কয়রায় ভাটার সময় পানি কিছুটা কমে যায়। দুপুর তিনটার দিকে জোয়ারের সময় আবার পানি বাড়ে। অবশ্য জোয়ারের পানি ওঠার পরিমাণ আগের তুলনায় কিছুটা কমেছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সত্যতা স্বীকার করেছেন। সাতক্ষীরা: শ্যামনগর উপজেলার গাবুরা এলাকায় বৃহস্পতিবার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার পাখিমারা গ্রামের তারেক গাজীর ছেলে জব্বার গাজী (৬৫) এবং পাতাখালী গ্রামের শুকচাঁদ গাজীর মেয়ে সুমাইয়া (৭)। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলীপ কুমার বণিক এ তথ্য জানান। তবে গাবুরা এলাকায় তিনটি লাশ ভাসতে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ৪৫ বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। তিনি জানান, মৃতের মধ্যে আছেন- শ্যামনগরে ৪৪, আশাশুনিতে ২ ও দেবহাটায় একজন। জেলা প্রশাসক জানান, উপদ্রুত এলাকায় এ পর্যন্ত ডায়রিয়ায় মারা গেছেন চারজন। এরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের আব্দুল ওহাব ও তার ছেলে খোকন, আশাশুনি'র প্রতাপনগর গ্রামের ওয়াসেক আলী ও মোস্তফা কাজী। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক আয়লায় ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার প্রতাপনগর, মানিকখালি, শ্রীউলাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। চাপড়া সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও আশাশুনি সদর ইউনিয়নে পৃথক দুটি সভায় ত্রাণ নিতে আসা মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে রয়েছে। আমরা তার নির্দেশে সকল প্রকার সাহায্য সহযোগিতা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি। তিনি আশাশুনি উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের এবং দলীয় নেতাকর্মীদের দুর্গতদের পাশে থেকে কাজ করার জন্য আহবান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৫ ঘ.