ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সম্মেলন। বাংলাদেশের কোন শ্রমমন্ত্রী এই প্রথমবারের মতো সম্মেলনে সভাপতিত্ব করবেন।
সম্মেলন চলবে ১৯ জুন পর্যন্ত।
সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব আতাহারুল ইসলাম বলেন, সম্মেলন চলার সময় আগামী ১৫ ও ১৬ জুন 'বৈশ্বিক কর্মসংস্থান সংকট' নিয়ে সরকার প্রধান পর্যায়ের একটি বিশেষ আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের সাতটি দেশের রাষ্ট্রপ্রধান এতে বক্তব্য রাখবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ জুন বক্তব্য দেবেন বলে তিনি জানান।
সচিব জানান, সম্মেলনে সভাপতিত্ব করবেন প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এছাড়া ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে তিনি জানান।
আতাহারুল ইসলাম বলেন, জেনেভায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, সহ-সভাপতি আলমগীর এম জেড রহমান, মহাসচিব ফারুক আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, বিলস-এর মহাসচিব শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান এবং লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এতে যোগ দেবেন।
সচিব জানান, আইএলও'র সদস্যপদ পাওয়ার ৩৬ বছর পর প্রথমবারের মতো বাংলাদেশ এ সম্মেলনে সভাপতিত্ব করার সুযোগ পেয়েছে। এটি বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান।
বাংলাদেশ আইএলও'র ভোটাধিকার প্রাপ্ত ৫২টি দেশের একটি।
সম্মেলনে বৈশ্বির কর্মসংস্থান সমস্যা, অর্থনৈতিক মন্দা, সংগঠন করার অধিকার, মালিক পক্ষের সঙ্গে আলোচনা করার অধিকার, লিঙ্গগত সমতা, এইডস, শিশু শ্রম বন্ধ, ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে শিশুদের দূরে রাখার ব্যাপারে আলোচনা হবে। আর্থ-সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের সব খাত থেকে শিশু-শ্রম বন্ধ করা সম্ভব হয়নি। আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে কি করে এ অবস্থার পরিবর্তন করা যায়, তা নিয়েও আলোচনা হবে।
বর্তমানে ৭০ লাখ বাংলাদেশি শ্রমিক বিভিন্ন দেশে কাজ করছে। এ জন্য ভারত, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, নেপাল, কুয়েত, মালয়েশিয়া, লিবিয়া, কাতার, চীন ও সিঙ্গাপুরসহ ১৬টি দেশের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/২০৩০ ঘ.
bdnews24