ঢাকা, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র'র অপসারিত চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের করা নিষেধাজ্ঞা আবেদনের শুনানি বুধবার শেষ হয়েছে।
ঢাকার প্রথম সহকারী জজ আদালতের বিচারক শেখ মেরীনা সুলতানা অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনের শুনানি গ্রহণ করলেও কোন আদেশ দেননি।
তবে বৃহস্পতিবার আলোচিত এ মামলায় আদেশ দেওয়া হতে পারে বলে দুপক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
২৫ মে প্রশিকার অপসারিত চেয়ারম্যান কাজী ফারুক ওই প্রতিষ্ঠানের নতুন পরিচালনা পরিষদের সাত সদস্যের বিরুদ্ধে একই আদালতে মামলা করেন। মামলায় কাজী ফারুক নিজেকে ওই সংস্থার চেয়ারম্যান ঘোষণা এবং নতুন পরিচালনা পর্ষদের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার আবেদন করেন।
শুনানি শেষে বিচারক নতুন পরিচালনা পরিষদের কার্যক্রমের ওপর কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না ২৪ ঘন্টার মধ্যে তার কারণ দর্শাতে বিবাদিদের নির্দেশ দেন। নতুন পরিচালনা পরিষদের এ সাত কর্মকর্তা হলেন এম এ ওয়াদুদ, মাহবুব-উল করিম, মাসরুরুল ইসলাম, আব্দুল মতিন, রেনুকা বিশ্বাস, গোলাপী বেগম ও শাহজাহান হাওলাদার।
এদের মধ্যে প্রথম চারজন বুধবার আদালতে হাজির হয়ে ওই নিষেধাজ্ঞা আবেদনের বিরুদ্ধে আপত্তি আবেদন করেন।
কাজী ফারুকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. সাহাবুদ্দিন এবং বিবাদি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বারেক চৌধুরী ও গরীব এ নেওয়াজ।
গত রোববার কাজী ফারুককে প্রশিকার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের কর্মীদের অনেকে নিজের রাজনৈতিক উচ্চাভিলাস হাসিলে তাদের ব্যবহারের অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসকে/২১৫৯ঘ.
bdnews24