২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আয়লা': সহায়তার পাশাপাশি সরকারের পুনর্বাসনের পরিকল্পনা

উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক ঘূর্ণিঝড় 'আয়লা'-য় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি পুনর্বাসনেও সাহায্য করার পরিকল্পনা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপকূলীয় জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক ঘূর্ণিঝড় 'আয়লা'-য় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সাহায্যের পাশাপাশি পুনর্বাসনেও সাহায্য করার পরিকল্পনা করছে সরকার। এছাড়া আসন্ন বর্ষার আগে ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৮১৩ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং সড়কও দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে বুধবার অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় কমিটির এক সভার পর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক সাংবাদিকদের একথা বলেন। বাঁধ ও সড়ক খাতে মোট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সংস্কারের সম্ভাব্য ব্যয় নির্ধারণে দু'একদিনের মধ্যেই সমন্বয় সভা আহ্বান করা হবে বলে জানিয়েছেন আব্দুর রাজ্জাক। সভা শেষে ব্রিফিংয়ে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়ে তেমন কোন ক্ষতি হয়নি। বরং ক্ষতি হয়েছে এর প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে। এতে উপকূলীয় এলাকার প্রায় ৮১৩ কিলোমিটার বেড়িবাঁধ এবং অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে করণীয় এবং কোন মন্ত্রণালয়ের কি কাজ তা নিয়ে সভায় আলোচনা করা হয়েছে। আসন্ন বর্ষার আগেই যেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা যায়, সেজন্য যার যে কাজ তা দ্রুত করার তাগিদ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য তাৎক্ষণিক সাহায্য হিসেবে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সেনাবাহিনী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাবার এবং ওষুধের ব্যবস্থাও করা হয়েছে। বুধবারের মধ্যে সব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সাহায্য পাঠানো সম্ভব হয়েছে বলে দাবি করেন মন্ত্রী। তিনি জানান, পাঁচটি জেলায় সেনাবাহিনী এবং চারটি জেলায় নৌবাহিনীর সদস্যরা কাজ করছে। স্থানীয় প্রশাসন এসব কাজ সমন্বয় করছে। মন্ত্রী বলেন, বুধবার দুপুর পর্যন্ত ঘূর্ণিঝড় আক্রান্ত ১৪টি জেলার মধ্যে ১০টির নিহতের তথ্য পাওয়া গেছে। এসব জেলায় মোট নিহতের সংখ্যা ১১৩ জন এবং নিখোঁজ রয়েছে দুইজন। এতে আহত হয়েছে ছয় হাজার ৪৭৮ জন। কমিটির সভায় মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, খাদ্য সচিব মোখলেছুর রহমান, সেতু বিভাগের সচিব আব্দুল করিমসহ সংশ্লিষ্ট ১৭টি মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধি এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা উপস্থিত ছিলেন। ক্ষয়ক্ষতির সরকারি হিসাব এদিকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত দেশের ১৪ জেলার ৭৬টি উপজেলার ৫৮৮টি ইউনিয়নের ছয় লাখ ৩৭ হাজার ৬৮৭টি পরিবারের মোট ৩৩ লাখ ৪৪ হাজার ৩০৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা চার লাখ ৯৫ হাজার ৬২২টি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা নয় লাখ ৬৩ হাজার ৬৫ জন। ঝড়ে ৬১ হাজার ৪৪০টি গবাদি পশু এবং হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০২০ঘ.