মৌলভীবাজার, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইনগত ক্ষমতা পেলেই নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার কাজ শুরু করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ছহুল হোসাইন।
তিনি বলেন, "নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটার করার ব্যাপারে আন্তরিক। আইন পাস না হওয়া পর্যন্ত তাদের ভোটার করা যাচ্ছে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করা হয়েছিল। কাজটি নির্বাচিত সরকারের জন্য রেখে যায় তত্ত্বাবধায়ক সরকার।"
মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চত্বরে সার্ভার স্টেশনের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে মতবিনিময়ের সময় প্রবাসীদের ভোটার করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে ছহুল হোসাইন এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়ে প্রবাসীদের ভোটার করার ব্যাপারে দেওয়া প্রতিশ্র"তির কথা উল্লেখ করে তিনি বলেন, "মনে হচ্ছে বর্তমান সরকারও প্রবাসীদের ভোটার করার বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ।"
কমিশন এ ব্যাপারে প্রস্তুত রয়েছে বলে ছহুল হোসাইন জানান।
তিনি আরও বলেন, "আইনের কারণে পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করা যাচ্ছে না। সরকার আইন পাস করে দিয়ে যখনই নির্বাচন করার জন্য বলবে, তখনই নির্বাচন হবে।"
উপজেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান তফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ মন্নান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.
bdnews24