ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বন্দরসহ যোগাযোগ ও জ্বালানি ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার তাগিদ দিয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান মঙ্গলবার বলেছেন, সরকার যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এ অঞ্চল ও জনগণের উন্নয়ন চায়।
বাণিজ্যমন্ত্রী রাজধানীতে 'রিজিওনাল কানেক্টিভিটি : পটেনশিয়াল ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট অ্যান্ড এনার্জি ইন সাউথ এশিয়া' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন।
ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরোধিতাকারীদের সমালোচনা করে তিনি বলেন, এরা 'না জেনেই' এ নিয়ে কথা বলছেন।
সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) যৌথভাবে এ সেমিনার আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমাদের যে পোর্ট আছে, সে পোর্টগুলোকে আঞ্চলিক ও এশিয়ান পোর্ট করতে চাই। আমরা এ অঞ্চলের যোগাযোগের মাধ্যমে আমাদের জনগণের ও অঞ্চলের উন্নয়ন চাই।"
দক্ষিণ এশিয়া অঞ্চলে অনেক সম্পদ থাকলেও রাজনৈতিক কারণে তার সদ্ব্যবহার করা যায়নি বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, "এর জন্য সব থেকে দায়ী আমাদের এ অঞ্চলের রাজনৈতিক সদিচ্ছার অভাব। আমরা রাজনৈতিকভাবে, একতাবদ্ধভাবে এ অঞ্চলকে উন্নত করতে পারিনি।"
ফারুক খান বলেন, "এ অঞ্চলে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করতে পারলে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। শুধু বিদ্যুৎ নয়, সেচ ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে কৃষিসহ আমাদের এ এলাকার উন্নয়ন সম্ভব।"
সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের বরাক নদীর টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে বাংলাদেশের পরিবেশবাদী, বিশেষজ্ঞ ও বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতার সমালোচনা করেন ফারুক খান। মন্ত্রী বলেন, টিপাইমুখে কি হচ্ছে সেটা নিয়ে যারা 'বেশি কথা বলছেন' তারা না জেনে বলছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার কিছু দিনের মধ্যেই টিপাইমুখ বাঁধ পরির্দশনের জন্য একটি বিশেষজ্ঞ ও সংসদীয় দল পাঠাবে। বাংলাদেশ ওই বাঁধ থেকে উপকৃত হলেই কেবল সরকার তা সমর্থন করবে বলে জানান মন্ত্রী।
ভারতের সঙ্গে বাংলাদেশের সড়ক যোগাযোগের বিষয়টি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে বলে অভিমত দেন এসসিসিআই প্রেসিডেন্ট তারিক সাইয়েদ। তিনি বলেন চলমান অর্থনৈতিক মন্দা মোকাবেলায় আঞ্চলিক যোগাযোগ একটি কার্যকর উপায় হতে পারে। এটি বাস্তবায়নের জন্য দৃঢ় রাজনৈতিক ও অর্থনৈতিক সদিচ্ছা প্রয়োজন।
এফবিসিসিবিআই সভাপতি আনিসুল হক যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, "রাজনীতিবিদদের প্রয়োজন সমস্যার সমাধান যেমন ফারাক্কা, কাশ্মীর। কিন্তু ব্যবসায়ীদের প্রয়োজন সংযোগ।"
উত্তর আমেরিকায় বাণিজ্য বিষয়ক চুক্তি নাফটার কথা তুলে ভারতীয় উপমহাদেশকে ইঙ্গিত করে তিনি বলেন, "একই ইতিহাস, সভ্যতা ও সংলগ্ন সীমান্ত থাকা সত্ত্বেও অনুধাবনের পার্থক্যের কারণে আমরা অবাধ বাণিজ্য এলাকা তৈরি করতে পারিনি।"
আনিসুল হক বলেন, সার্ক দেশগুলো অবশ্যই বাণিজ্য ব্যবধান হ্রাস, প্রতিবন্ধকতা দূর এবং অবকাঠামোর উন্নয়ন করবে।
এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার অনেক দেশে উদারীকরণ করা হলেও এ অঞ্চলের শিল্প, শ্রম, বিনিয়োগ ও কর ব্যবস্থা জটিল যা আঞ্চলিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বাধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/১৭৫৫ঘ.
bdnews24