ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'আয়লা'র আঘাতে মঙ্গলবার রাত পৌনে ১০ টা পর্যন্ত১৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। তারা জানান, ভোলা, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলায় এখন পর্যন্ত কয়েক শ' লোক নিখোঁজ রয়েছেন। পানিবন্দি আছেন হাজার হাজার মানুষ। এছাড়া পুকুর ও মাছের ঘের ভেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ঘর-বাড়ি, রাস্তাঘাট ও ফসলের।
নিহতদের মধ্যে আছে- খুলনায় ২৭, সাতক্ষীরায় ৩০, বরিশালে ৯, নোয়াখালীতে ২৪, ভোলায় ১০, পটুয়াখালীতে ৯, লক্ষ্মীপুরে ৭, নরসিংদীতে ৪, চাঁপাইনবাগঞ্জে ২, কক্সবাজারে ২, মাগুরায় একজন, নঁওগাঁয় দুজন, রংপুরে একজন ও রাজশাহীতে দুজন।
মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শন করে ঢাকায় ফিরে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুল রাজ্জাক সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। তবে মৃতের সংখ্যা ১১০ এ দাঁড়াতে পারে।
সিডরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সে রকম ঘূর্নিঝড় হয়নি। সব এলাকায় এখন উদ্ধারকারী দল পাঠানো সম্ভব হয়নি বলে তিনি জানান।
মঙ্গলবার দুপুর পৌনে ৩টায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত উপসচিব সুলতান উল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ হাজার ৯০টি পরিবারের ১৩ লাখ ৩৩ হাজার ৪২৯ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪টি উপজেলার ৬৮টি ইউনিয়ন।
সোমবার সকালে বন্ধ করে দেওয়া মংলা সমুদ্র বন্দর মঙ্গলবার সকালে আবার চালু হয়েছে। পুরোদমে কাজ শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরেও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে একথা জানিয়েছেন।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আয়লা সোমবার দুপুরে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। রাতে উপকূল অতিক্রম করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: জেলায় ৩০ জন মারা গেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে তারা ২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে। এর মধ্যে কেবল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৮ জন রয়েছে।
নিহতদের মধ্যে আছেন- শ্যামনগর উপজেলার সোরা গ্রামের একই পরিবারের আছিয়া খাতুন, আয়শা খাতুন, তামিম, আসমা, মহিম, মনোয়ারা খাতুন, গাবুরা গ্রামের সূর্য বিবি, আহসান উল্লাহ, ফাতেমা, শিশু মাছুরা, ইকরাম, ময়না, ওবায়দুল, রেজাউল, চাঁদনি মূখা গ্রামের শহর আলী, গাইন বাড়ির মোহাম্মাদ আলী, খলিসাবুনিয়া গ্রামের জয়নাল ঢালি, চকবারা গ্রামের আমিনুর রহমান, লক্ষীখালি গ্রামের আফসার গাজী, দাঁতনেখালি গ্রামের ইসরাইল ও ফজর আলী, দেবহাটা উপজেলার বহেরা গ্রামের শরিফুল ইসলাম ও আশাশুনি উপজেলার প্রতাপ নগর গ্রামের ওয়াজেদ আলী।
এছাড়া শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও বুড়িগোয়ালিনি ইউনিয়নে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলীপ কুমার বণিক জানান, এ উপজেলায় ২৩ জন মারা গেছেন।
শ্যামনগর এলাকার ক্ষতিগ্রস্ত লোকজন জানান, এখন পর্যন্ত তিন শতাধিক লোক নিখোঁজ রয়েছেন। ১০ টি ইউনিয়নের একশ' গ্রামের মানুষ এখনও পানিবন্দি হয়ে রয়েছেন। কেবল মাত্র সুন্দরবন সংলগ্ন ইউনিয়ন দ্বীপ গাবুরার ১৮ টি গ্রামের ৩৮ হাজার মানুষ পানিতে আটকে আছেন।
ঘূণিঝড়ের জলোচ্ছ্বাসে পানি উন্নয়ন বোর্ডের ৫ কিলোমিটার এলাকার বেড়িবাঁধ পানিতে একাকার হয়ে গেছে। পাঁচ শতাধিক চিংড়ি ঘের ভেসে গেছে।
সরেজমিনে দেখা গেছে, গাবুরার চকবারা, খলিসাবুনিয়া, চাঁদনিমুখা গ্রামের কাঁচাঘর বাড়ি এখনও ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। টিনের চালা গুলি দুমড়ে মুচড়ে পড়ে আছে। লক্ষীখালি, ডুমুরিয়া, সোরা, খোলপেটুয়া, জেলেখালি, গাবুরাসহ সব গ্রামে ধ্বংসের চিহৃ দেখা গেছে।
শ্যামনগর ইউএনও জানান, দুর্গতদের মধ্যে শুকনো চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত উপদ্রুত মানুষের জন্য ৫ লাখ টাকা এবং ১৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হলেও তা বিতরণ করা হয়নি। বিধ্বস্ত এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোষ্টগার্ড সদস্যরা উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় নেমেছে।
সোমবার বেলা ১১টা থেকে জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
খুলনা: জেলার বটিয়াঘাটা, দাকোপ, কয়রা ও পাইকগাছায় ঘূর্ণিঝড় আইলার আঘাতে ২৭ জন নিহত হয়েছেন। তবে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ চারটি উপজেলায় হাজার হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। জলোচ্ছ্বাসে ফসল, কাঁচা ঘর-বাড়ি মৎস্য ঘের ও পুকুর ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে নৌ-বাহিনী ও কোস্টাগার্ডের সদস্যরা উদ্ধার ও ত্রাণ তৎপরতার কাজ করছেন।
মঙ্গলবার সকালে খাদ্যমন্ত্রী সাতক্ষীরা ও খুলনার দুর্গত এলাকা পরিদর্শন করেন।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ উপজেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২০। এ সংখ্যা আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান জিএম মহসিন রেজা জানান, নিহতদের মধ্যে আছেন- শানু (২৫), সরবানু (৬০), হৈমান (৬৫), আছিয়া (৭), টুকটুকি (৮), মনতেজ (৫৫), তাইজুল (৭) ও নুরা গাজী (৬০)।
বটিয়াঘাটা উপজেলার চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, এ উপজেলায় কুন্ডল বিশ্বাস (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
এছাড়া দাকোপ উপজেলা একজন এবং পাইকগাছায় পাঁচজন মারা গেছেন। তবে উপজেলা চেয়াম্যান ও প্রশাসন তাদের নাম জানাতে পারেনি।
খুলনা জেলা প্রশাসনের ত্রাণ কর্মকর্তা শেষ আলিমুজ্জামান জানান, তাদের হিসাব মতে এ পর্যন্ত তিনজন মারা গেছেন। ঘূর্ণি দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
ঘুর্ণিঝড়ের প্রভাবে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে খুলনার ৪টি উপজেলার বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভেসে শত শত চিংড়ি ঘের। পানিতে তলিয়ে গেছে ফসল। বিধ্বস্ত হয়েছে কাঁচ ঘর-বাড়ি। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়রা উপজেলা।
দুর্গত সবচেয়ে বেশী সংঙ্কট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। ঘূর্ণি দুর্গত এলাকার মানুষ অনেকে সাইক্লোন সেন্টার ও ওয়াপদার বেরী বাঁধের উপর আশ্রয় নিয়েছে।
দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা হিউম্যানিটি ওয়াচের প্রধান নির্বাহী মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়রায় ১৮ জন, দাকোপে ৭ জন এবং পাইক গাছায় এক জন মারা গেছে। তবে তিনি তাদের নাম জানাতে পারেননি।
বরিশাল: বরিশালের মেহেন্দগঞ্জ উপজেলার গাগরিয়া গ্রামে মারা গেছেন তিনজন। এরা হলেন- গ্রামের আলফেজ সিকদারের স্ত্রী সেতারা বেগম (৫৫), আবদুল লতিফ রাঢ়ি (৬৫) ও আব্দুল জলিল তালুকদারের মেয়ে জুলিয়া (৪)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে জোয়ারে ভেসে যান সেতারা ও লতিফ। মঙ্গলবার তাদের লাশ উদ্ধার করা হয়। একইদিন জোয়ারে ভেসে যায় জুলিয়া। পরে তার লাশ উদ্ধার করা হয়।
বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়াজেদ বিশ্বাস আরও পাঁচজনের মৃত্যর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘর ও গাছ চাপা পড়ে এবং জোয়ারে ভেসে গিয়ে এরা যান। নিহতরা হলেন- বাকেরগঞ্জের রহমতুল্লাহ (২), আগৈলঝড়ার নাসির বখতিয়ার (৩৫), সদর উপজেলার মুজিব খান (৭০), রহিমা বেগম (২৮) ও শহরের ৫ নম্বর ওয়ার্ডের দুদিন বয়সী একটি শিশু।
সোমবার বাকেরগঞ্জ উপজেলায় চর লক্ষ্মীবর্ধন গ্রামে বাড়ির উঠানে ওঠা জোয়ারের পানিতে ডুবে মারা গেছে রাব্বি (৭) নামে এক শিশু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মাসুদুজ্জামান জানান, শিশুটি গ্রামের রবিউল মোল্লার ছেলে।
নোয়াখালী: নোয়াখালীতে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও শতাধিক লোক। জোয়ারের পানিতে হাতিয়া ও নিঝুম দ্বীপের ৫ হাজার কাঁচা ঘরবাড়ি বিধবস্ত হয়। জোয়ারে ভেসে গেছে নিঝুম দ্বীপের কয়েক হাজার হরিণ।
হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হামেশ জানান, নিহতরা মধ্যে আছেন- নিঝুম দ্বীপের নাজমা (১২), সজীব (৫), রাহেলা বেগম (৫০), তাহমিনা (৩), সাব্বির (৭), বেলাল উদ্দিন (২০), করিম উদ্দিন (৫), নাসির উদ্দিন (৬), হাফেজ মাঝি (৫৫), আয়েশা বেগম (৩০), আসমা (১০) ও রহিমা (৫), সুখচর ইউনিয়নের পলি বেগম (৫), বয়ার চরের মারুফ (৭), রাজিব (৩৬), আম্বিয়া খাতুন (৫৫), মালিকা খাতুন (৬০), কেরিং চরের অজ্ঞাতনামা একজন (বয়স ৫), আবুল কাশেম (৪৫), সাজনি বেগম (৫), নালের চরের আলাউদ্দিন (৬ মাস), নবজাতক শিশু একটি, আজগর (১৮), রুমি দাস (৫)।
ঘূর্ণিঝড়ে হাতিয়া ও নিঝুম দ্বীপের ৪ হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। হাতিয়ার তমরদ্দির ক্ষীরদিয়া, চোরালিয়া, সোনাদিয়ার পশ্চিম সোনাদিয়া, সুখচর ও চরঈশ্বর ইউনিয়নের কয়েকটি বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা গুলোর মধ্যে রয়েছে নিঝুম দ্বীপ, কেরিংচর, নলেরচর, বয়ারচর, তমরদ্দি, সোনাদিয়া, সুখচর, নলচিরা ও চরঈশ্বর।
ইউএনও আবুল হাসেম জানান, জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্ত জন্য ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোলা: ঘূর্ণিঝড়ে ঘর ও গাছ চাপায়, জোয়ারে ভেসে গিয়ে এবং ট্রলার ডুবিতে ভোলায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জন।
এরা হলেন- ভোলা সদর উপজেলার হারুন (২৪), মিজান (১০), রাসেল (৮) ও গিয়াস (২৫), চরফ্যাশনের নাজিম উদ্দিন (২৫), মমতাজ বেগম (৩৫) ও শরীফ (৪), লালমোহনের রাসেল (২), মনপুরার রোজিনা (৪) ও ইদ্রিস মাঝি (৩৫)।
ভোলা জেলা প্রশাসক মো: মেসবাহুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, জেলার দৌলতখানের সৈয়দপুর, চরফ্যাশনের চর মাদ্রাজ, লালমোহনের ধলিগৌরনগর, বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন এবং মনপুরার সাকুচিয়ায় পাউবোর বেড়িবাঁধ ভেঙে জেলার ৪৬ গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুই লাখ মানুষ।
মঙ্গলবার প্রায় সারা দন ভোলায় ছিল ঝড়ো হাওয়া। জেলার কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থানীয় প্রশাসনের উদ্যোগে চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম জানান, ভোলা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কাছে থাকা একশ' মেট্রিক টন চাল ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে দু'শ মেট্রিক টন চাল ও নগদ পাচ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সকাল ১১ টার দিকে হেলিকপ্টারে করে চরফ্যাশনে উপজেলায় আসেন। চরফ্যাশন উচ্চ বিদ্যালয় মাঠে তারা ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত বেতুয়া বাঁধ এলাকাও পরিদর্শন করেন তারা।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা ড. রফিকুল ইসলাম জানান বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে এবং অতিরিক্ত জোয়ারে জেলার অন্তত ৫'শ পুকুরের মাছ ভেসে গেছে। ভোলা সদরের মাছের পোনা উৎপাদনের খামারসহ বিভিন্ন পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরফ্যাশনের নুরুবাদ এলাকায় পাউবোর বেড়িবাধ ভেঙে এলজিইডির তুলি আবাসন প্রকল্পের নব নির্মিত রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মিছির ভূঁইয়া।
পটুয়াখালী: পটুয়াখালীতে নয়জনের মত্যু হয়েছে বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছে। তবে হতাহতের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। নিহতরা হলেন- বাউফল উপজেলার কালাইয়া গ্রামের আবদুল আজিজ মল্লিক (৬৫), ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আবদুর রাজ্জাক গাজী (৫০), গলাচিপা উপজেলার পানপট্টি গ্রামের মজিরুন্নেসা বেগম (৪৭), সূর্যবানু (৫৬) ও বাইলাবুনিয়া গ্রামের রুম্মন (১৩), আমখোলা ইউনিয়নের চিংগুড়িয়া গ্রামের সুমাইয়া আক্তার (২), দশমিনা উপজেলার ডলিরানী (৩৭), সদর উপজেলার পিতকাটা গ্রামের লোকমান সিকদার (৮০) ও দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের কদবানু (৪৫)।
জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, ইতোমধ্যে ১৫০ মেট্রিকটন চাল ও নগদ দেড় লাখ টাকা দূর্গতদের মাঝে বিতরন করা হয়েছে। সোমবার রাতে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ২৫ হাজার মানুষ আশ্রয় নেন। রাতে তাদের জন্য শুকনো খাবার এবং সকালে খিচুড়ি বিতরণ করে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসক জানান, সকালে দূর্গতদের প্রায় পঞ্চাশ ভাগ আশ্রয় কেন্দ্র ত্যাগ করেছে।
জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, জেলার দুই হাজার ৭৫৩ দশমিক ৭৫ বর্গ কিলোমিটার এলাকায় ৪৭ কিলোমিটার বেড়িবাঁধ বিধস্থ হয়েছে। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ৩৩ হাজার ঘর-বাড়ি। ১০৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ-মন্দির বিধ্বস্ত হয়েছে। ১০ লাখ ৭১ হাজার মানুষ আয়লার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখ ৫৫ হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল ধংস হয়ে গেছে। ১শ কিলোমিটার কাঁচা সড়ক ভেঙে গেছে। ভেসে গেছে শতাধিক ঘোরের বিভিন্ন প্রজাতির মাছ।
মঙ্গলবার দুপুরে খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান গলাচিপা উপজেলার পানপট্টি এলাকা পরিদর্শন করেন। তারা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলায় মঙ্গলবার ভোররাতে দেওয়ালচাপায় এক দম্পতি নিহত হয়েছে। সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারওয়ার।
নিহতরা হলেন, ফজলুর রহমান (৫১) ও মর্জিনা বেগম (৪০)।
ঘূর্ণিঝড় আয়লার কারণে সোমবার চাঁপাইনবাবগঞ্জেও ব্যাপক বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যায়। এ কারণেই তাদের ঘরের মাটির দেওয়াল ধসে পড়ে বলে স্থানীয়রা জানায়।
নরসিংদী: ঝড়ের কবলে পড়ে জেলায় সোমবার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে চারজন মারা গেছেন। তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫০-৫৫ জন যাত্রী নিয়ে নরসিংদী দত্তপাড়া খেয়াঘাট থেকে চর এলাকা বুদিয়ামারা যাবার পথে নৌকাটি মেঘনার মাঝামাঝি পৌঁছলে সন্ধ্যা সাড়ে ৭টায় ঝড়ের কবলে পড়ে। এ সময় যাত্রীরা ভয়ে নড়াচড়া শুরু করলে নৌকাটি ডুবে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতেই এলাকাবাসী সদর উপজেলার কালাই গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলাম মুহুরীর (৫০) লাশ উদ্ধার করে। এরপর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আরো তিনজনের লাশ উদ্ধার হয়েছে।
এরা হচ্ছেন- দড়িনবীপুর গ্রামের জালু মিয়া (২৬), কালাই গোবিন্দপুর গ্রামের রমজান মিয়া (২৫) ও জামালিয়াকান্দী গ্রামের জজ মিয়া (৩৫)।
কক্সবাজার: কক্সাবাজার শহরতলীর উত্তর নুড়িয়াছড়ার টুইট্যা পাড়া এলাকায় সোমবার রাতে জোয়ারের পানিতে ভেসে যায় গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে সালেহা আক্তার (৪)। ওই রাতে উখিায় উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশের পাহাড় ধসে সখিনা খাতুন (৮০) মারা যান। তিনি তালিকাবহির্ভূত রোহিঙ্গা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মাগুরা: সোমবার রাত ২টায় ঝড়ে গাছে ডাল ভেঙে ঘরের ওপর পড়লে চাপা পড়ে মারা যান মাগুরা সদর উপজেলার রাউতরা গিরিধারী মন্দিরের সেবায়েত সুকুমার দাস (৫০)। মন্দির কমিটি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুমার কুণ্ডু জানান, গাছচাপায় সুকুমার ঘটনাস্থলেই মারা যান।
নওগাঁ: মঙ্গলবার সকাল ৬টার দিকে নওগাঁর পত্মীতলা উপজেলার মাডিন্দর ইউনিয়ন পরিষদের বেড়াডাঙ্গা গ্রামে ঝড়-বৃষ্টিতে দেয়াল চাপা পড়ে জোসেন মারডির মেয়ে নদী (৪) ও সুমিত্রা মারা গেছে। ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন এ তথ্য জানান।
লক্ষ্মীপুর: জেলায় ঝড়ে জোয়ারে ভেসে গিয়ে এবং ঘর ও গাছ চাপা পড়ে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক রফিকুল ইসলাম সরকার জানান, ঝড়ের সময় জোয়ারে, ঘর ও গাছ চাপা পড়ে সাতজন মারা গেছেন। এরা হলেন- রামগতি উপজেলার চর গজারিয়ার রাসেল (১৩), হেজু (৭), শাহিদা বেগম (১১), আমেনা বেগম (৪৮), চরগাজীর আম্বিয়া খাতুন (৫৮), মারুফ (১২), সদর উপজেলার করাতিরহাটের শফিক (২৫)।
তিনি জানান, সোম ও মঙ্গলবার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলার ১৩টি ইউনিয়ন সাত থেকে আট ফুট জলোচ্ছ্বাসে নিমজ্জিত হয়। এতে সহস্রাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। জলোচ্ছ্বাসে রামগতি ও কমলনগর চরাঞ্চলে শতাধিক গবাদি পশু ভেসে গেছে।
প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের নগদ সহায়তা দেওয়া হচ্ছে।
রংপুর: ঝড়ে রংপুরে দেয়াল চাপা পড়ে একজন নিহত হয়েছেন। বিধ্বস্ত হয়েছে শত শত ঘর-বাড়ি। এ ছাড়াও ভুট্টা, পাট ও সব্জিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নিহতের নাম- রতন (২৬)। তিনি শহরের কামাল কাছনা মহল্লার বাসিন্দা।
রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জগজীশ রহমান জানান, প্রচণ্ড ঝড়ে রংপুরের ৮ উপজেলায় শত শত কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় জেলা শহরসহ প্রায় সব উপজেলায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ।
রংপুর জেলা কৃষি স
bdnews24