ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আয়লার প্রভাবে দেশের উপকূল এলাকায় রোববার মধ্যরাত থেকে বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণাঞ্চলের অধিকাংশ রুটে লঞ্চ চলাচল রয়েছে বন্ধ। উত্তরাঞ্চলে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দরে সোমবার সকালে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড় আয়লা সোমবার বিকাল নাগাদ খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। এ জন্য চট্টগ্রাম এবং এর আশাপাশের ৬ নম্বর এবং খুলনা এলাকায় ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখানো হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, রোববার সন্ধ্যা থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এখন আকাশ মেঘলা। বৃষ্টি হচ্ছে না। বন্দর সচিব সৈয়দ মোহাম্মদ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরে সকাল থেকে মালামাল ওঠানামা ও খালাসসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি বলেন, "চট্টগ্রাম বন্দরে 'তিন মাত্রার' সতর্কতা ঘোষণা করা হয়েছে। খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।"
তিনি জানান, বন্দরে এখন ২৩টি জাহাজ আছে। পর্যায়ক্রমে এগুলো বহির্নোঙরে নিরাপদ এলাকায় পাঠানো হচ্ছে। বহির্নোঙরে ৪৮টি জাহাজ আছে। ছোট জাহাজগুলোকে উজানে থাকতে বলা হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রোববার রাতে বৈঠক করে।
চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা পৃথক দুটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, সেখানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, দমকা বাতাস বইছে। মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক জানান, বন্দরে পাঁচটি জাহাজ রয়েছে। তবে সকাল পৌনে ৭টা থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সকালে বন্দরে সভা হয়েছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, সেখানে রোববার থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল রয়েছে বন্ধ। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে চর এলাকা। কুয়াকাটা থেকে মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, সাগর উত্তাল রয়েছে। মাছ ধরা ট্রলারগুলো ফিরে আসছে। জেলা প্রশাসক রিয়াজ আহমেদ জানান, দুর্যোগ মোকাবেলায় ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বরগুনা প্রতিনিধি জানান, সেখানে বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইছে। উপকূলের চরাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে গেছে। অনেকে গিয়ে উঠেছে আশ্রয় শিবিরে।
চাঁদপুর প্রতিনিধি জানান, বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুরের সঙ্গে সারাদেশের লঞ্চ চলাচল সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। ডাকাতিয়ায় পানির উচ্চতা বৃদ্ধিতা পাওয়ায় ডুবে গেছে লঞ্চঘাটের দুটি পন্টুন। বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের সহকারী বন্দর পরিচালক রেজাউল করিম জানান, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
কক্সবাজার প্রতিনিধি জানান, সোমবার ভোররাত থেকে ঝড়ো হাওয়া বইছে। সাগর উত্তাল। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল আজিজ জানান, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত রেখেছে। কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, সাগরে মাছ ধরতে যাওয়া প্রায় সব ট্রলারই উপকূলে ফিরে এসেছে।
খুলনা ও বরিশালেও বৃষ্টি হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা জানান। বগুড়া ও সিলেট প্রতিনিধি জানান, সেখানে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/এমআই/১২২৫ ঘ.
bdnews24