২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় নোটিশের পরও খালেদা বাড়ি না ছাড়লে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

তৃতীয় নোটিশের পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটি না ছাড়লে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় নোটিশের পরও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সেনানিবাসের বাড়িটি না ছাড়লে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে যুদ্ধাপরাধীদের বিচার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নয়টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর এক বৈঠক হয়। বৈঠকে আইনমন্ত্রী শফিকও উপস্থিত ছিলেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে তৃতীয় বার বাড়ি বা সম্পত্তি ছাড়ার নোটিশ দেওয়ার পর তিনি যদি তা ছেড়ে না দেন সেক্ষেত্রে সরকার তার বিরুদ্ধে মামলা দয়ের এবং উচ্ছেদ করতে পারে। "খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি ছাড়ার জন্য ইতোমধ্যে তৃতীয় নোটিশ ইস্যু করা হয়েছে। এরপরও নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ি না ছাড়লে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে।" মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে সরকার গত ২০ এপ্রিল ১৫ দিনের সময় চেয়ে বাড়িটি ছেড়ে দিতে প্রথম নোটিশ দেয়। এরপর গত ৭ মে একটি সম্পূরক এবং ২৪ মে তৃতীয় আরেকটি নোটিশ পাঠানো হয় তাকে। সরকারের অভিযোগ, বাড়িটির বরাদ্দ যথাযথ প্রক্রিয়ায় হয়নি। এজন্য বরাদ্দ বাতিল করা হয়েছে। ওদিকে সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ মুলতবির এ আদেশ দেন। খালেদা জিয়ার প্রধান কৌঁসুলি টিএইচ খান আদালতে একদিনের সময় চেয়ে বলেন, "সরকার বাড়ি ছাড়ার জন্য রোববার খালেদাকে তৃতীয় দফা নোটিশ দিয়েছে। নোটিশটি এ আদালতে উপস্থাপন করা প্রয়োজন। এজন্য হলফনামা দায়ের করতে হবে। তাই সময়ের প্রয়োজন।" সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও একদিনের সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত রিটের শুনানি মুলতবি করে। বাড়ি ছাড়ার নোটিশ চ্যালেঞ্জ করে খালেদা জিয়া ৩ মে হাইকোর্টে রিট করেন। পর পর চারটি বেঞ্চ শুনানিতে বিব্রত হয়ে অপারগতা প্রকাশ করার পর গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ খালেদার রিটটি শুনানির জন্য গ্রহণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এফএফ/এইচএ/১৫২৫ ঘ.