ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জন্য সংশ্লিষ্ট উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসকদের (ডিসি) সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। এসব এলাকার দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের বরাত দিয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মোখলেছুর রহমান রোববার বিকেলে ঘুর্ণিঝড় প্রস্ততি বাস্তবায়ন বোর্ডের এক জরুরি সভার পর সাংবাদিকদের জানান, নিম্নচাপটি সোমবার ভোর থেকে দুপুরের মধ্যে উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে। এটির সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকা দিয়ে বাংলাদেশ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য সচিবের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আবহাওয়া অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সচিব বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এটির ঘুর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। ঘুর্ণিঝড়ে রূপ নিলে তা 'আয়লা' নাম ধারণ করবে।
সচিব জানান, নিম্নচাপটি অতিক্রম করার সময় তেমন কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা না থাকলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপকূলীয় জেলাগুলোর জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নিুচাপের ক্ষয়ক্ষতিসহ সার্বিক দিক পর্যবেক্ষণে মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮২৯ঘ.
bdnews24