রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের আরও ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১৬ জন গ্রেপ্তার হল।
ওই ঘটনায় রোববার নগরীরর মতিহার থানায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬শ' নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।
শনিবার বিকেলে অনুমতি না নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির বহিরাগত নেতাকর্মীদের নিয়ে বিনোদপুর বাজারে মিছিল বের করে। এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। তারা বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতেও হামলা করে। এতে পুলিশের সহকারী কমিশনার (এসি), উপ-পরিদর্শকসহ (এসআই) ১০ পুলিশ সদস্য আহত হন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, মির্জাপুর, মেহেরচণ্ডী এবং নগরীর বোসপাড়া ও হেতেমখাঁ এলাকার শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসারুল ইসলাম ও মশিউর রহমান, সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শরিফুল ইসলাম, প্রাণীবিদ্যা প্রথম বর্ষের হাবিবুর রহমান সোহল, ইসলামিক স্টাডিজের দ্বিতীয় বর্ষের মারুফুল ইসলাম, রাজশাহী কলেজের রসায়ন দ্বিতীয় বর্ষের আশরাফুজ্জামান, হিসাব বিজ্ঞান তৃতীয় বর্ষের জহুরুল ইসলাম, গণিত প্রথম বর্ষের আব্দুল্লাহ আল জোবায়ের, দর্শন তৃতীয় বর্ষের ইসমাইল হোসেন, প্রাণিবিদ্যা তৃতীয় বর্ষের ইমামুল হুদা, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের আরাফাত আলী শান্ত, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শেষ বর্ষের রেজাউল করিম, দূর্গাপুরের সিদ্দিকুর রহমানের ছেলে জুয়েল রানা, তানোরের সাহাবুদ্দিনের ছেলে আহসান আলী এবং নওগাঁর জহুরুল।
শনিবার বিকেলে আব্দুস সামাদ নামের এক শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এদের সবাইকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি জানান, পুলিশের উপর হামলার ঘটনায় রাবি শাখা শিবিরের সভাপতি দেলওয়ার হোসেন সাঈদী, সাধারণ সম্পাদক শামসুল আলম গোলাপ, রাজশাহী মহানগর সভাপতি নুর মোহাম্মদ মণ্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান সুইটসহ শিবিরের ৮৪ নেতাকর্মীর নামেল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়শ' শিবির নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলার ঘটনায় ওই ৮৪ জনের নাম উল্লেখসহ আরও তিন থেকে চারশ' জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে।
১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান নোমনী নিহত হন।
এ ঘটনায় রাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), রাজশাহী কলেজ, নিউ গভ. ডিগ্রি কলেজ, সিটি কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, প্যারামেডিকেল ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এর মধ্যে প্যারামেডিকেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে।
আগামী ১ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য স
bdnews24