গাইবান্ধা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাইবান্ধার সাদুল্যাপুরে এক গৃহবধুর গায়ে পেট্টোলের ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
শনিবার বিকেলে সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কের হিংগারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম (২০) সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মেহেদী হাসান নয়নের স্ত্রী।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিছুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে দিয়ে জানান, বিকেল ৪টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে উপজেলার যুগিবাড়ি গ্রামে তার বাবার বাড়িতে যাচ্ছিলেন। পথে হিংগারপাড়া এলাকায় পৌঁছলে পিছন থেকে মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার শরীরে পেট্টোল ঢেলে ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাত সোয়া ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনারা মারা যান বলে জানান সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমুর ঘোষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.
bdnews24