বাগেরহাট, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের আধুনিকায়নের জন্য যা কিছু করা প্রয়োজন সবই এ সরকার করবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী আফসারুল আমিন।
শনিবার সকালে মংলা বন্দরের চ্যানেল ও জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলাকে সচল করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী মংলা বন্দরের আধুনিকায়ন করতে যা যা করা প্রয়োজন সবই করবে এ সরকার।"
ইতোমধ্যে মংলা বন্দরের উন্নয়নের জন্য গঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, মংলা বন্দর দিয়ে যাতে বেশি বেশি পণ্য আমদানি করা যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশিদের মংলা বন্দর ব্যবহারে আগ্রহ বাড়াতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।"
দক্ষিণাঞ্চলের পদ্মা সেতু নির্মাণ হলে মংলা বন্দর দিয়ে সব ধরনের পণ্য খালাস খরচও কমে আসবে বলে জানান তিনি।
এ বন্দরকে আধুনিক ও গতিশীল করতে যন্ত্রপাতি ক্রয়সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে আফসারুল আমিন বলেন, বন্দর চ্যানেলে স্থায়ী ড্রেজিং কাজ খুব শিগগিরই শুরু হবে।
এরপর দুপুরে বন্দরের চেয়ারম্যান কমোডর এম. ফারুকের সভাপতিত্বে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর ই আলম চৌধুরী লিটন, সদস্য শাহ আলম, মাজহারুল হক, সামছুল হক চৌধুরী, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া টিপু, মোস্তফা কামাল পাশা, হাবিবুন নাহারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত অতিথিদের কাছে মংলা বন্দর কর্তৃপক্ষ বন্দরের পরিচিতি এবং বিদ্যমান শক্তি ও সম্পদের বর্ণনা তুলে ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24