ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের এসএসসি থেকে পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক সমন্বয়ক কমিটি।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম এক লিখিত বক্তব্যে এ দাবি জানান।
তিনি সৃজনশীল প্রশ্নপদ্ধতির ভালো-মন্দ নানা দিক তুলে ধরে বলেন, "২০১১ সালের এসএসসি থেকে পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত বাতিল করে ষষ্ঠ শ্রেণী থেকে গণিত ছাড়া পর্যায়ক্রমে এ পদ্ধতি চালুর দাবি করছি।"
তবে নবম শ্রেণীর দুটি বিষয় (বাংলা প্রথম পত্র ও ধর্ম) এ পদ্ধতির আওতায় রাখা যেতে পারে বলে তিনি জানান।
গত বছরের এপ্রিলে শিক্ষা মন্ত্রণালয় ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই আরো সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের বছর অর্থাৎ ২০১১ সাল থেকে সব বিষয়েই সৃজনশীল প্রশ্নপদ্ধতি অনুসরণ করা হবে।
কিন্তু কিছুদিন ধরে প্রস্তুতির অভাবের অভিযোগ তুলে বেশ কিছু অভিভাবক এর বিরোধিতা করে আসছিলেন।
গত ১২ মে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) এ ব্যাপারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ মেনন বলেন, 'সৃজনশীল' প্রশ্নপদ্ধতি করা না করার ব্যাপারে শিগগিরই তারা (স্থায়ী কমিটি) সুপারিশ করবেন।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ছেফায়েত উল্যাহ পাটোয়ারী, সদস্য সচিব নিপা সুলতানা, আবু তালেব দোলন প্রমুখ।
এসময় নবম শ্রেণীর শিক্ষার্থীর মায়েরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিআর/১৯৪৯ ঘ.
bdnews24