২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকের নায্যমূল্য না পাওয়ার চিত্র নিজে দেখলেন খাদ্যমন্ত্রী

সরকার নির্ধারিত মূল্য ৫৬০ টাকা হলেও নওগাঁসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রতি মন ধান মাত্র ৩৮০ টাকা থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক শুক্রবার নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া হাট পরিদর্শন করে এ অবস্থা দেখে অসন্তোষ ব্যক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নির্ধারিত মূল্য ৫৬০ টাকা হলেও নওগাঁসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রতি মন ধান মাত্র ৩৮০ টাকা থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক শুক্রবার নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া হাট পরিদর্শন করে এ অবস্থা দেখে অসন্তোষ ব্যক্ত করেন। মন্ত্রী শুক্রবার চলমান বোরো সংগ্রহ পরিস্থিতি দেখতে দেশের উত্তরাঞ্চলের বগুড়া, দিনাজপুর, রংপুর ও নওগাঁ জেলা সফর করেন। প্রতিটি জেলায় তিনি ধানের বাজার পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন। এ সময় মন্ত্রী সরকারি খাদ্য গুদামের কর্মকর্তাদের কৃষকের কাছ থেকে বেশি করে ধান কিনতে নির্দেশ দেন। তিনি বলেন, "কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।" গত বছরের কিছু মজুদ থেকে যাওয়া এবং এ বছরও বাম্পার ফলন হওয়ায় কৃষকরা ধানের নায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো জায়গায় চালকল মালিকরা দাম আরো কমিয়ে আনার জন্য সিণ্ডিকেট করছে বলে অভিযোগ উঠেছে। কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারে এ জন্য আগামীতে নতুন ব্যবস্থা চালু করা হবে বলে জানান আব্দুর রাজ্জাক। নতুন ব্যবস্থায় চালকল মালিকরা সরকারি গুদামে যে পরিমাণ চাল সরবরাহের জন্য চুক্তি করবেন, সেই চালের একটি অংশ সরাসরি কৃষকদের কাছে থেকে কিনতে হবে। এক্ষেত্রে চালকল মালিকদের সরকার নির্ধারিত মূল্যেই কৃষকদের কাছে থেকে কেনার বাধ্যবাধকতা থাকবে। সফরকালে কৃষকরা মন্ত্রীকে জানান, সরকার নির্ধারিত মূল্যে তারা ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন না। সে সুযোগ নিশ্চিত করা গেলে তারা লাভবান হবেন। এর আগে মন্ত্রী নওগাঁ সার্কিট হাউসে জেলার চালকল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। চালকল মালিকরা খাদ্যশস্য উৎপাদনে উদ্বৃত্ত হিসেবে এ জেলা থেকে আরো চাল সংগ্রহ এবং একটি নতুন খাদ্যগুদাম নির্মাণের দাবি জানান। বর্তমানে দেশে মাত্র ১২ লাখ টন চাল মজুত করার মত গুদাম থাকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন এ কারণে ভাল উৎপাদন হওয়া সত্ত্বেও সরকার বেশি পরিমাণ ধান-চাল কিনতে পারছে না। গুদামের ধারণক্ষমতা বাড়াতে আড়াই লাখ টন ধারণ ক্ষমতার তিনটি সাইলো নির্মাণ করা হবে। আগামী অর্থ বছরেই এর নির্মাণ কাজ শুরু হবে। খাদ্যমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলে এক লাখ ১০ হাজার টন ধারণ ক্ষমতার নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হবে। এটি হবে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। এছাড়া নারায়ণগঞ্জের পোস্তাগোলা এবং মংলা বন্দরে দু'টি সাইলো নির্মাণ হবে। তিনি নওগাঁ জেলায়ও একটি খাদ্য গুদাম নির্মাণ করার আশ্বাস দেন। নওগাঁর আগে মন্ত্রী বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি) ও সান্তাহার সাইলো ও বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া বাজারে একটি রাইস মিল পরিদর্শন করেন। পরে তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এবং দিনাজপুরে পুলহাট খাদ্যগুদাম দেখতে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৮১৭ঘ.