নওগাঁ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার নওগাঁ সার্কিট হাউজে স্থানীয় চালকল মালিক সমিতি, ব্যবসায়ী, কৃষক ও খাদ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ কৃষকদের বেশি করে কৃষি পণ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে সরকার বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে।
নওগাঁ জেলা প্রশাসক মো. আহসান হাবিব তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক পিউস কস্তা, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শামসুল হক, চালকল মালিক সমিতি সভাপতি খন্দকার আব্দুল হান্নান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক ও স্থানীয় আ. লীগ নেতারা উপস্থিত ছিলেন।
বিকেলে তিনি জেলার হাপানিয়া ধানের হাট পরিদর্শনকালে ধান কেনাবেচা দেখেন এবং কৃষক ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এর আগে সকাল ১০টায় বগুড়ার সান্তাহারে খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) এবং খাদ্য গুদাম সাইলো পরিদর্শন করেন।
এ সময় তিনি কৃষক ও চাল সরবরাহকারী চাতাল মালিকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সে বিষয়ে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খানসহ খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৫ ঘ.
bdnews24