২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রামান্যচিত্র নির্মাতাকে শহীদ বরকতের সার্টিফিকেট হস্তান্তর

একটি প্রামাণ্য চিত্র নির্মাণের প্রয়োজনে ভাষা শহীদ আবুল বরকতের সম্মান পরীক্ষার সার্টিফিকেট নির্মাতার হাতে তুলে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 'বায়ান্ন'র মিছিল' নামে ওই প্রামান্যচিত্রে ভাষা শহীদদের আত্মত্যাগের কাহিনী ফুটিয়ে তোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একটি প্রামাণ্য চিত্র নির্মাণের প্রয়োজনে ভাষা শহীদ আবুল বরকতের সম্মান পরীক্ষার সার্টিফিকেট নির্মাতার হাতে তুলে দিল ঢাকা বিশ্ববিদ্যালয়। 'বায়ান্ন'র মিছিল' নামে ওই প্রামান্যচিত্রে ভাষা শহীদদের আত্মত্যাগের কাহিনী ফুটিয়ে তোলা হবে। শুক্রবার আবুল বরকতের সার্টিফিকেট প্রামাণ্যচিত্র নির্মাতা রোকেয়া প্রাচীর কাছে হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আবুল বরকতের ফুফাতো ভাই এম আর এ তাহা উপস্থিত ছিলেন। উপাচার্য আরেফিন সিদ্দিক এসময় বলেন, "বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়মানুযায়ী একজনের সার্টিফিকেট অন্যের কাছে হস্তান্তর করা যায় না। কিন্তু, দেশের ইতিহাস নিয়ে গবেষণা এবং ভবিষ্যত প্রজন্মের কাছে সত্যিকারের ইতিহাসের উপাদান দিয়ে যাওয়ার জন্য এ ধরণের প্রামাণ্যচিত্র খুবই কার্যকর। তাই এ প্রামাণ্যচিত্র নির্মাণের জন্য এ সার্টিফিকেট দেওয়া হয়েছে।" কাজ শেষে এটি ফেরত দেওয়া হলে তা নির্মীয়মাণ ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হবে বলে উপাচার্য জানান। আবুল বরকতের ভাই এম আর এ তাহা জানান, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জাদুঘরে শহীদ আবুল বরকতের স্মৃতিচিহ্ন রয়েছে। তিনি মন্তব্য করেন, এবার এখানেও তার স্মৃতিচিহ্ন ধরে রাখার প্রয়াস চলায় এপার বাংলা এবং ওপার বাংলা দু'য়ের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বরকত বেঁচে থাকবেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী জানান, ১৯৪৮-৪৯ শিক্ষাবর্ষে আবুল বরকত রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ওই বিভাগ থেকে তিনি দ্বিতীয় বিভাগে চতুর্থ স্থান লাভ করেন। ১৯৫৪ সালের ২৪ নভেম্বর সম্মানের ওই সার্টিফিকেট ইস্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২২১৪ঘ.