২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তে বাসদের প্রতিবাদ

প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 11:34 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের যুক্ত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাংলাদেশকে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয় বলে জানান যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এজন্য যোগাযোগ মন্ত্রণালয় তিনটি রুট বিবেচনা করছে। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বাসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খালেকুজ্জামান শুক্রবার এক বিবৃতিতে বলেন, "এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানজিট দেওয়ার মহাজোট সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" তিনি ভারতকে ট্রানজিট দেওয়ার এ চক্রান্তের বিরুদ্ধে বাম-প্রগতিশীল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলারও আহবান জানান। বিবৃতিতে বলা হয়, ''১৯৯৩ সালের ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনমিক অ্যাণ্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যাণ্ড দি প্যাসিফিক (এসকাপ) এর বৈঠকে নতুন হাইওয়ে ম্যাপ তৈরি করা হয়, যাতে ভারত থেকে দুটি রাস্তা বাংলাদেশে প্রবেশ করে পুনরায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য হয়ে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত করা। যার মাধ্যমে আসলে এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছে।'' এতে আরও বলা হয়, এশিয়ান হাইওয়ের নামে ভারতকে ট্রানজিট দিলে দেশের অর্থনৈতিক উন্নতি হবে, রাজস্ব বাড়বে- ইত্যাদি নানা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। উন্নয়নের গালভরা এসব বক্তব্য না দেওয়ার জন্যও সরকারের প্রতি আহবান জানান খালেকুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৩০ ঘ.