ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নিয়ে দায়ের করা রিট আবেদনে সেক্টরস কমান্ডার্স ফোরামকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সেক্টরস কমান্ডার ফোরামের সম্পাদক সাবেক সেনাবাহিনী প্রধান লে. জে. (অবঃ) হারুন অর রশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এবিএম খায়রুল হক এবং বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।
এছাড়া স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের ব্যক্তিগত কোন নথি থাকলে তা আগামী বুধবার আদালতে উপস্থাপন করতে হাইকোর্ট সরকারকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। আদালত ওই দিন পর্যন্ত রিট আবেদনটির শুনানিও মুলতবি করেছে।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র নিয়ে দায়ের করা রিট আবেদনে মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের কমান্ডার বীর প্রতীক এম হামিদুল্লাহ খানকে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
গত ২০ এপ্রিল মুক্তিযোদ্ধা ডা. এমএ সালামের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের জুন মাসে প্রকাশিত 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র' কেন বাজেয়াপ্ত করা হবে না এবং 'ইতিহাস বিকৃতকারীদের' বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুলনিশি জারি করেছিল।
পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল আরকাইভসে রক্ষিত ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত প্রকাশিত পত্রিকাগুলো রিটটির চুড়ান্ত শুনানির সময় আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের এই একই বেঞ্চ।
মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধের দলিল প্রকাশনা প্রকল্পের পরিচালক ও প্রিয়াংকা প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনের মালিককে এই রুলের জবাব দিতে বলা হয়েছিল। ১৯ এপ্রিল ডা. এম এ সালাম রিটটি দায়ের করেছিলেন।
হারুন অর রশিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। হামিদুল্লাহ খানের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১০০ঘ.
bdnews24