২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শুক্রবার থেকে তিনদিনের ল্যাপটপ মেলা

চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ল্যাপটপ ফেয়ার। আটটি প্যাভেলিয়ান ও দশটি স্টল নিয়ে আয়োজিত এবারের মেলায় বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠান তাদের ল্যাপটপ সম্ভার আনবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 05:18 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ল্যাপটপ ফেয়ার। আটটি প্যাভেলিয়ান ও দশটি স্টল নিয়ে আয়োজিত এবারের মেলায় বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠান তাদের ল্যাপটপ সম্ভার আনবে। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ মেলা চলবে রোববার পর্যন্ত। বুধবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। বন্দর নগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সকাল দশটায় মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এ বিএম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রথমবারের মত ব্যাংক ঋণের মাধ্যমে ল্যাপটপ কেনার সুযোগ থাকছে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত। চমক হিসেবে মেলায় মাত্র ১০০ টাকায় ল্যাপটপ কেনার অবিশ্বাস্য সুযোগ থাকছে। মেলায় এসে গেম শোতে অংশ নিয়ে সৌভাগ্যবান বিজয়ী এরকম পানির দামে ল্যাপটপ কেনার সুযোগ পেতে পারেন। মেলার স্পন্সর ল্যাপটপ ব্র্যান্ড আসুস, বেনকিউ ও পশ বুক। মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং স্থানীয় দৈনিক আজাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩১৫ঘ.