২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে সিলেটে তিন দিনের রেমিটেন্স মেলা

প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে তিনদিনের রেমিটেন্স মেলা। ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি এ মেলার আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে তিনদিনের রেমিটেন্স মেলা। ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি এ মেলার আয়োজন করেছে। কোম্পানির প্রধান নির্বাহী এনায়েত করিম রোববার সিলেট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এনায়েত করিম বলেন, হুন্ডি বন্ধ করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোতে উদ্বুদ্ধ করা এবং প্রবাসী আয় বৃদ্ধি করে চলমান অর্থনৈতিক মন্দা মোকাবেলার লক্ষ্যে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়ে হাফিজ কমপ্লেক্সে মেলা শুরু হবে। তবে শুক্রবার সকাল ৯টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করবেন। সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সাংসদ হাফিজ আহমদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। মেলায় সরকারি, বেসরকারি ও বিদেশি মোট ২৫টি ব্যাংক তাদের রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং সেবা কার্যক্রম প্রদর্শন করবে বলে জানানো হয়। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে প্রতিদিন সেমিনার, রোড শো ও আলোচনা অনুষ্ঠান ছাড়াও ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আহরণে অবদানের জন্য ১০জন শ্রেষ্ঠ ব্যাংকারকে রেমিটেন্স পদক দেওয়া হবে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সামসুল আলম জুলফিকার এবং মেলার প্রধান সমন্বয়কারী আনিসুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩০৪ ঘ.