ঢাকা, মে ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সোয়াইন ফ্লু' ভাইরাসে আক্রান্ত ল্যাটিন ও মধ্য আমেরিকার দেশগুলোতে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) ওসেলটামিভির ক্যাপসুল 'ওসেফ্লু' সরবরাহ করছে।
মঙ্গলবার কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বেক্সিমকো ফার্মার ক্যাপসুল ওসেফ্লু হলো টামিফ্লু-র বিপিএল এর জেনেরিক ভার্সন।
সোয়াইন ও বার্ড ফ্লু চিকিৎসায় ব্যবহারের জন্য বেক্সিমকো ফার্মা ২০০৬ সালে ওসেফ্লু নামের এই ওসেলটামিভির ক্যাপসুল তৈরি করে।
বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, "ল্যাটিন ও মধ্য আমেরিকার দেশগুলোতে সোয়াইন ফ্লু-র চিকিৎসায় বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে বেক্সিমকো ফার্মা এগিয়ে এসেছে। কোম্পানিটি ইতোমধ্যে চিলি ও বেলিজের স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওসেফ্লু সরবরাহ করেছে।"
ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে তারা ভবিষ্যতেও কাজ করে যেতে চান বলে জানান, নাজমুল হাসান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০০৬ সালে ওসেফ্লু উৎপাদনের পর সেবছরই বেক্সিমকো ফার্মা বার্ড ফ্লু-র চিকিৎসায় সহযোগিতার জন্য বাংলাদেশ ও মিয়ানমার সরকারকে ওষুধটি সরবরাহ করে। ইতোমধ্যে কোম্পানিটি ওসেফ্লু-র মজুদও বাড়িয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২১৬ঘ.
bdnews24