ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এবার মহানগর দায়রা জজ আদালতে মুফতি ফজলুল হক আমিনীর পক্ষে জামিন চাইলেন তার আইনজীবীরা।
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আমিনী ও আরও দুইজন শ্রমিক লীগের মিছিলে হামলার মামলায় রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
ওই জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আমিনীর পক্ষে জামিন চান অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেসবাহ। বিচারক এ এন এম বশির উল্লাহ আগামী ২৭ মে এ আবেদনটি শুনানির জন্য দিন ধার্য করেন।
গত ২ মে লালবাগের জনৈক মো. আকবর হোসেন খান শ্রমিক লীগের পহেলা মে-র মিছিলে হামলার অভিযোগ তুলে আমিনীসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই/আড়াইশ' লোককে আসামি করে মামলা করেন। মামলায় মিছিলে হামলার নির্দেশ দানকারী হিসাবে উল্লেখ করা হয় আমিনীকে।
জামিন আবেদনে বলা হয়, লালবাগের নবাব কাটরায় ইসাইনিয়া আশরাফুর উলুম মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি নিয়ে 'গণ্ডগোল ও মামলার জের ধরে' আমিনীসহ অন্যদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা করা হয়েছে। এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে দুই অভিযুক্ত ইতিপূর্বে জামিন পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১২১ঘ.
bdnews24