২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দ শিপইয়ার্ডের অষ্টম জাহাজ রপ্তানি

দেশের অন্যতম প্রধান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যাণ্ড শ্লিপওয়েজ লিমিটেড তাদের তৈরি দ্বিতীয় জাহাজ ডেনমার্কে রপ্তানি করতে যাচ্ছে। বৃহস্পতিবার সেনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে 'স্টেলা মুন' নামের এ জাহাজটি ডেনমার্কের স্টেলা শিপিংয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম প্রধান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যাণ্ড শ্লিপওয়েজ লিমিটেড তাদের তৈরি দ্বিতীয় জাহাজ ডেনমার্কে রপ্তানি করতে যাচ্ছে। বৃহস্পতিবার সেনারগাঁওয়ের মেঘনাঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে 'স্টেলা মুন' নামের এ জাহাজটি ডেনমার্কের স্টেলা শিপিংয়ের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফরুজা বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। বরফের মধ্যে চলতে সক্ষম কন্টেইনার ভেসেল স্টেলা মুনের মূল্য ৭৫ লাখ মার্কিন ডলার। এর ধারণক্ষমতা প্রায় ২৯০০ ডিডব্লিউটি। আফরুজা বারী বলেন, "স্টেলা মুন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্টেলা শিপিংয়ের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া উপস্থিত থাকবেন।" তিনি জানান, আনন্দ শিপইয়ার্ড আরো ১৮টি জাহাজ রপ্তানির কার্যাদেশ পেয়েছে। যার মোট মূল্য ১৮ কোটি মার্কিন ডলার। এরমধ্যে ১০টি জাহাজের নির্মাণকাজ শুরু হয়েছে । আগামী ২ বছরের মধ্যে এগুলো রপ্তানি করা হবে। আনন্দ শিপইয়ার্ড ২০০৮ সালে জাহাজ রপ্তানি শুরু করে। প্রতিষ্ঠানটি ওই বছরের মে মাসে তাদের নির্মিত 'স্টেলা ম্যারিস' নামের একটি জাহাজ ডেনমার্কের স্টেলা শিপিংয়ের কাছে হস্তান্তর করে। এর মধ্য দিয়েই শুরু হয় বাংলাদেশ থেকে জাহাজ রপ্তানি। এরপর মোজাম্বিক সরকারের কাছে ৬টি জাহাজ রপ্তানি করেছে তারা। প্রতিটির মূল্য ৬০ লাখ মার্কিন ডলার। আনন্দ গ্র"পের সহযোগী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ১৯৮৩ সাল থেকে জাহাজ নির্মাণ করছে। এ পর্যন্ত সাতটি জাহাজ রপ্তানি ছাড়াও বিভিন্ন ধরনের ৩৫০টি নৌযান দেশে বিক্রি করেছে। এরমধ্যে রয়েছে রো রো ফেরি, ট্যাগ বোট, ক্রেইন বোট, ওয়ার্ক বোট, হাসপাতাল বোট, কোস্টগার্ড পেট্রোল বোট, ড্রেজার, ড্রেজিং বার্জ, স্যালভেইজ ক্রেইন ইত্যাদি। এদিকে দেশের আরেকটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ইউরোপের কয়েকটি দেশে ১২টি জাহাজ রপ্তানির কার্যাদেশ পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০১৩ ঘ.