২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'টিপাইমুখ বাঁধ নিয়ে পিনাকের বক্তব্য সত্যের অপলাপ'

টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের ক্ষতি হবে না- ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার বামপন্থী দল দু'টি আলাদা বিবৃতিতে হাইকমিশনারের বক্তব্য 'সঠিক নয়' বলে মন্তব্য করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের ক্ষতি হবে না- ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বুধবার বামপন্থী দল দু'টি আলাদা বিবৃতিতে হাইকমিশনারের বক্তব্য 'সঠিক নয়' বলে মন্তব্য করেছে। পিনাক রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রী ড. আফছারুল আমিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে আলোচিত ইসুটি নিয়ে এ মন্তব্য করেন। বাংলাদেশের পরিবেশ আন্দোলনকর্মী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক মহলের অনেকেই পরিবেশগত ক্ষতির আশঙ্কায় বরাক নদীতে ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরোধিতা করছেন। উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে জন্ম নেওয়া বরাক নদী সুরমা-মেঘনা নদী ব্যবস্থার উৎস। বাসদ আহবায়ক খালেকুজ্জামান ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন,'' তার বক্তব্য সাধারণ জ্ঞান ও বিশেষজ্ঞ কারিগরী বিবেচনায় কোনো দিক থেকে ধোপে টেকেনা। টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে বাংলাদেশে সুরমা-কুশিয়ারা নদীর পানি প্রবাহ শীতকালে কমে যাবে। কৃষি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে।'' তিনি ভারত সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানাতে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, '' প্রয়োজনে বিষয়টি আর্ন্তজাতিক ফোরামে উত্থাপন করতে হবে।'' আরেক বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাস ও সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতীয় হাইকমিশনারের বক্তব্যকে 'সত্যের অপলাপ' বলে প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন,'' টিপাইমুখে বাঁধ নির্মাণ বাংলাদেশের জন্য ফারাক্কা বাঁধের মতো আরেকটি মরণফাঁদ হতে যাচ্ছে। ভারতের প্রতি বাংলাদেশের সরকারগুলোর নতজানু নীতির কারণে ভারত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থবিরোধী পদক্ষেপ অব্যাহত রেখেছে।'' নেতৃবৃন্দ টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদ করতে প্রয়োজনী উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান। ভারতীয় হাইকমিশনার মঙ্গলবার বলেন, "টিপাইমুখ হচ্ছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। এটি ফারাক্কার মতো সেচ প্রকল্প নয়। তাই এখানে পানি বেশি সময়ের জন্য আটকে রাখা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৫১ঘ.